মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক হাদি চকদার ও আরিফুজ্জামান তপুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদের সামনে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে কথিত ডিজিটাল প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের দায়িত্ব সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরা। অপরাধের অভিযোগসংক্রান্ত ভিডিও ধারণের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্বেগজনক। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আটক দুই সাংবাদিকের মুক্তি নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সহসভাপতি ও দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি খায়রুল খন্দকার, সংগঠনটির সদস্য ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি শিপন মিয়া এবং ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সদস্য নাজিম উদ্দীনসহ অন্যরা।
এ সময় সংহতি জানিয়ে অংশ নেন বৈশাখী টেলিভিশনের দুলদুল হোসেন রাজু, সাংবাদিক মাসুদুল হক মাসুদ, আব্দুল্লাহসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।
সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। পাশাপাশি দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
সানা/আপ্র/১৫/১০/২০২৬