ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও উপকারভোগী নির্বাচনের পদ্ধতি তুলে ধরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সারা দেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে মন্ত্রী প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রুবানা তানজীন। এ সময় আরো বক্তব্য দেন ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন, ৩ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এবং ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু মিয়া।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তথ্য সংগ্রহকারীদের হাতে তথ্য সংগ্রহের ট্যাব ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।
সানা/আপ্র/১৩/১০/২০২৬