খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. লিটন ইসলাম (৩৭), কুর্শা মন্দিরপাড়া গ্রামের মৃত দুর্গা চন্দ্র রায়ের ছেলে শ্রী বাবুল চন্দ্র রায় (৬৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জঙ্গলপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. আল-আমিন (১৯) এবং জহিরুল আলমের ছেলে খায়রুল আলম রনি (২৬)।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার সকালে আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামে লিটন ইসলামের বাড়িতে অভিযান চালায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেফতার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সানা/আপ্র/৪/১০/২০২৬