নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে এক ব্যাংক এজেন্টকে অস্ত্রের মুখে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হাত ও চোখ বেঁধে তাঁকে কবিরহাট উপজেলার একটি স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এম মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আবদুর রহমান। তিনি ইসলামী ব্যাংকের আবু মদিনা আউটলেট এজেন্ট শাখার ইনচার্জ ও এজেন্ট ব্যবসায়ী।
আবদুর রহমানের ভাষ্য, ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন তিনি। বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়িতে থাকা পাঁচজন তাঁর মোটরসাইকেলের পথ আটকে দেয়। তারা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাঁর কাছে মাদক রয়েছে বলে দাবি করে।
একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে হাতকড়া পরানো হয় এবং জোর করে গাড়িতে তোলা হয়। গাড়ির ভেতরে তাঁর চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে নেওয়া হয়।
আবদুর রহমান জানান, টাকা নেওয়ার পর তাঁকে হাত ও চোখ বাঁধা অবস্থায় কবিরহাট উপজেলার নবীর দোকানের পাশে একটি স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাঁরা সেখান থেকে চলে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘটনার সময় আবদুর রহমান সাদা পাঞ্জাবি পরে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় কালো জ্যাকেট ও সাধারণ পোশাক পরা পাঁচজন তাঁকে ঘিরে ধরে অস্ত্র দেখিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নেয়। পরে তাঁরা জানতে পারেন, ওই ব্যক্তিকে আটকে তাঁর কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযান ও তদন্ত চালাচ্ছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগী পক্ষ থেকে তখনো লিখিত এজাহার বা আনুষ্ঠানিক মামলা করা হয়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তদন্তের পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত গাড়ি শনাক্ত এবং তাদের গতিবিধি অনুসরণের চেষ্টা চলছে।
সানা/আপ্র/১/৯/২০২৬