গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:১০ এএম ২০২৬
আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
ছবি

তামিম ইকবাল -ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সদস্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্য দিয়ে তামিমের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদও আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

স্কটল্যান্ডে আইসিসির বার্ষিক সাধারণ সভা শেষে বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিসিবি সভাপতি হিসেবে এবারই প্রথম আইসিসির সভায় অংশ নেন তামিম ইকবাল।

আইসিসির সদস্যপদসংক্রান্ত বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিসিবিকে নিয়ে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে পূর্ণ সদস্য দেশগুলোর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি আইসিসি বোর্ড অনুমোদন করেছে।

গত ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। পরে সেদিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি।

তবে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়ায় এতদিন আইসিসি বোর্ডে বিসিবির প্রতিনিধি হিসেবে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

এর আগে গত এপ্রিলে বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির প্রধানের দায়িত্ব নেওয়ার পর আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বিসিবির প্রতিনিধি হিসেবে তামিম ইকবালের নাম মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু আইসিসির পরামর্শ অনুযায়ী প্রধান নির্বাহীকেও প্রতিনিধি হিসেবে রাখা হয়েছিল।

তামিমের আইসিসি স্বীকৃতির বিষয়টি জটিল হয়ে পড়ে বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অভিযোগের পর।

গত বছরের অক্টোবরে বিসিবি নির্বাচনে জয়ী হয়ে সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে ওই নির্বাচনে অনিয়ম ও অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ সেই পরিচালনা পর্ষদ ভেঙে দেয়।

এরপর আমিনুল ইসলাম আইসিসিতে অভিযোগ জানান। অভিযোগের বিষয়ে তদন্ত করতে আইসিসি দুই সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করে।

আইসিসির বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ এস মুসাজি এবং জিম্বাবুয়ে ক্রিকেটের তাভেঙ্গুয়া মুকুলানিকে নিয়ে গঠিত ওই দল বাংলাদেশে এসে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে প্রতিবেদন জমা দেয়।

সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

আইসিসির স্বীকৃতি প্রক্রিয়া চলার সময় ভেঙে দেওয়া বিসিবি পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য আদালতে রিট করেন। জুনের বিসিবি নির্বাচন স্থগিতের দাবিতে করা এসব রিট খারিজ হয়ে যায়।

এ ছাড়া সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম একাধিকবার আইসিসিতে চিঠি দেন। একটি চিঠিতে তিনি বর্তমান বিসিবি দায়িত্বে থাকলে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির আর্থিক সহায়তা বন্ধ এবং আইসিসির টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

তবে আইসিসি এসব দাবিতে কোনো ব্যবস্থা নেয়নি।

আইসিসি বোর্ডে জায়গা পাওয়ার পরই তামিম ইকবাল স্কটল্যান্ডে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অংশ নেন। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

এদিকে বিসিবি ছাড়াও অন্যান্য সদস্য দেশের ক্রিকেট প্রশাসন নিয়েও কিছু সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি।

শ্রীলঙ্কা ক্রিকেটের সংশোধিত গঠনতন্ত্র নিয়ে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেছে আইসিসি বোর্ড। একই সঙ্গে দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে তারা। আপাতত আইসিসি বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্ব স্থগিত থাকবে।

ক্রিকেট কানাডার স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কিছু শর্ত অনুমোদন করেছে আইসিসি। শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের সদস্যপদ স্থগিত থাকবে।

এ ছাড়া সদস্যপদের মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
সানা/ডিসি/আপ্র/১৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে