প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়ে গেলেন হেনরি ক্রকোম্ব। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার। সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে পরপর দুটি ম্যাচেই হ্যাটট্রিকের কীর্তি গড়েন ক্রকোম্ব।
গত ২৭ আগস্ট সমারসেটের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসের শেষ তিন বলেই তিনটি উইকেট তুলে নেন তিনি। এরপর বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসেও আবারও হ্যাটট্রিকের স্বাদ পান এই তরুণ পেসার। উল্লেখযোগ্য বিষয়, গত জুন মাসে সাসেক্স সতীর্থ অলি রবিনসনের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে একবার ডাক পেয়েছিলেন ক্রকোম্ব, তবে সেবার মাঠে নামার সুযোগ হয়নি তার। এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি।
লাল বলের ক্রিকেটে ক্রকোম্বের পারফরম্যান্স যতটা উজ্জ্বল, সাদা বলের ক্রিকেটে তার পরিসংখ্যান ঠিক ততটা আকর্ষণীয় নয়। এখন পর্যন্ত ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তার শিকার ৪৯টি উইকেট, আর ৩৫টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩৪টি উইকেট। তবে ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, চলতি গ্রীষ্মজুড়েই এই তরুণ ক্রিকেটারের ওপর তাদের নজর ছিল।
ঘরের মাঠে চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ইংল্যান্ড। এই টি-টোয়েন্টি দলে দেখা গেছে আরেকটি নতুন মুখ—অ্যানাইরিন ডোনাল্ড। দুই দশকের মধ্যে গ্ল্যামরগনের প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের জার্সিতে খেলার হাতছানি রয়েছে তার সামনে।
২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ৫০টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৩.২৫ গড়ে করেছেন ১ হাজার ২৩ রান। আর ১১১টি টি-টোয়েন্টিতে ২৩.৯৯ গড়ে তার সংগ্রহ ২ হাজার ৪২৩ রান, স্ট্রাইক রেট ১৭০.৯৯। এই সময়ে ফিফটির সংখ্যা ১৮টি।
ডান পায়ের ঊরুর চোটের কারণে টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়া ফিল সল্টের বদলি হিসেবে দলে এসেছেন ডোনাল্ড। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় জ্যাকব বেথেল কোনো সিরিজেই খেলতে পারবেন না। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর, আর তিনটি ওয়ানডে ম্যাচ হবে ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জশ টাং।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রকোম্ব, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টাং।
ডিসি/আপ্র/০৫/০৯/২০২৬