গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

প্রথম রাউন্ডেই কান্নাভেজা বিদায় জোকোভিচের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০০ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫৭ এএম ২০২৬
প্রথম রাউন্ডেই কান্নাভেজা বিদায় জোকোভিচের
ছবি

ছবি সংগৃহীত

ম্যাচ চলাকালীনই স্পষ্ট হয়ে উঠছিল তার শারীরিক অস্বস্তির লক্ষণ। ম্যাচের মাঝপথে একবার বমিও করেন তিনি। পিঠ ও কাঁধের সমস্যাও ছিল স্পষ্টভাবে দৃশ্যমান। তবু প্রথম তিন সেটে এগিয়ে ছিলেন নোভাক জোকোভিচ। 

 

কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারলেন না কিংবদন্তি এই তারকা। অবাছাই খেলোয়াড় মারিয়ানো নাভোনের কাছে হেরে অবিশ্বাস্যভাবে ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি। 

ম্যাচ শেষে তার চোখে দেখা যায় জলের ধারা। দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনোই ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডের আগে বিদায় নেননি জোকোভিচ। গ্র্যান্ড স্ল্যামেও এমন প্রায় ভুলে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন রেকর্ড শিরোপাজয়ী এই তারকা। উল্লেখ্য, গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকে সর্বশেষ তিনি বিদায় নিয়েছিলেন ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে।


২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য কীর্তি গড়ার প্রচেষ্টায় থাকা এই তারকা রোববার ৭-৬(৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে হেরে যান আর্জেন্টিনার নাভোনের কাছে। চোট ও অসুস্থতার কারণে ম্যাচের শেষদিকে ঠিকঠাক সার্ভও করতে পারছিলেন না জোকোভিচ। 

 

উল্লেখযোগ্য বিষয়, সর্বশেষ যখন তিনি গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছিলেন, তখনও তিনি নিজের ক্যারিয়ারের ভিত মজবুত করার লড়াইয়ে ছিলেন—গ্র্যান্ড স্ল্যাম জয় তো দূরের কথা, তখন পর্যন্ত কোনো এটিপি শিরোপাও তার ছিল না। 

 

এরপরের সময়ে ইতিহাস গড়ে তিনি জিতেছেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যামসহ সর্বমোট ১০১টি এটিপি ট্যুর সিঙ্গলস শিরোপা। তবে ৩৯ বছর বয়সে এসে আবারও কোনো এক আসরে শুরুতেই থেমে গেল তার পথচলা। ম্যাচ শেষে অশ্রুসিক্ত জোকোভিচ জানান, নিজের শরীরের সঙ্গে লড়াইয়েই তিনি পেরে ওঠেননি। তবে প্রতিপক্ষকে প্রাপ্য কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি।


তিনি বলেন, কোর্টে তার জন্য পরিস্থিতিটা ছিল সত্যিই ভয়াবহ। দুর্ভাগ্যজনকভাবে চলতি বছর প্রায় প্রতিটি ম্যাচেই এই একই সমস্যা তাকে ভোগাচ্ছে—বমি হওয়া, বমি বমি ভাব, এসব গুরুতর সমস্যা। এর জের ধরেই তার পুরো শরীর একরকম ভেঙে পড়তে শুরু করে, মূলত পেশিতে টান ধরে এবং ব্যথা অনুভূত হয়। 

 

শেষ পর্যন্ত পিঠ ও কাঁধ দুটোই ভেঙে পড়ে বলে জানান তিনি, ফলে ম্যাচটি ঠিকভাবে শেষ করতে পারেননি। চতুর্থ সেটে এক ব্রেক এগিয়ে থাকলেও চতুর্থ গেম থেকেই পুরো সময় ধুঁকতে হয়েছে তাকে। তবে তিনি আবারও স্পষ্ট করে বলেন, প্রতিপক্ষের এই জয়কে তিনি ছোট করে দেখতে চান না, বরং তাকে অভিনন্দন জানান এবং তাকে একজন ভালো মানুষ ও লড়াকু খেলোয়াড় বলে অভিহিত করেন। তবে নিজে ম্যাচটি উপভোগ করেননি বলেও স্বীকার করেন জোকোভিচ। 

 

এমন এক বিপর্যয়ের আভাস অবশ্য আগে থেকেই ছিল। এর সপ্তাহ দুয়েক আগে সিনসিনাটি ওপেনেও প্রথম রাউন্ডে হেরে বিদায় নেন জোকোভিচ। নিজের ফর্ম ও ফিটনেস নিয়ে নানা প্রশ্নকে সঙ্গী করেই এবারের নিজের ২০তম ইউএস ওপেনে অংশ নিতে আসেন তিনি। আর্দ্র আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম সেটে দ্রুত ৩-০ ব্যবধানে এগিয়ে যান জোকোভিচ। তবে বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য কোর্টের ছাদ বন্ধ করে দেওয়ার পর ৪-৪ ব্যবধানে সমতায় ফেরেন নাভোনে। 

এরপর থেকেই জোকোভিচের শারীরিক অস্বস্তি স্পষ্ট হতে শুরু করে। নাভোনে খেলা টাইব্রেকে নিয়ে যান এবং সেটটি নিজের করে নেন, যা দর্শকদের মধ্যে তুমুল উল্লাস ও বিস্ময়ের জন্ম দেয়।


তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জোকোভিচ। তৃতীয় সেট চলাকালীন কোর্টের পাশের একটি ডাস্টবিনে বমি করার পরও তাকে দেখে মনে হচ্ছিল তিনি সেরে উঠছেন—নাভোনের সার্ভিস ব্রেক করে ৫-৪ ব্যবধানে এগিয়ে যান তিনি এবং নিজের সার্ভ খুব একটা ভালো না হলেও সেটটি জিতে নেন। কিন্তু চতুর্থ সেট জিতে জোরালো জবাব দেন নাভোনে। পিঠের সমস্যার কারণে শেষদিকে জোকোভিচের সার্ভ কার্যত অকার্যকর হয়ে পড়ে। 

এরপর ভাগ্য নির্ধারণী পঞ্চম সেটে স্নায়ুচাপ সামলে ৪ ঘণ্টা ৩৬ মিনিটের এক ঐতিহাসিক লড়াই শেষে জয় নিশ্চিত করেন নাভোনে। ম্যাচ শেষে জোকোভিচ জানান, শরীর বিদ্রোহ করলেও তিনি মাঠ ছেড়ে যেতে চাননি। তার ভাষায়, চতুর্থ কিংবা পঞ্চম সেটে এসে হাল ছাড়তে চাননি তিনি, বরং ম্যাচটি শেষ করার প্রবল ইচ্ছাই তাকে টিকিয়ে রেখেছিল। 

 

নাভোনের জন্য এই জয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন খেলোয়াড় এর আগে কখনোই গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ড পার হতে পারেননি, ইউএস ওপেনে তার আগের সেরা সাফল্য ছিল দ্বিতীয় রাউন্ডে ওঠা।


যাকে নিজের সর্বকালের সেরা মনে করেন এবং যাকে আদর্শ মেনে গড়ে তুলেছেন নিজেকে, তাকেই হারিয়ে যেন এই জয় বিশ্বাস করে উঠতে পারছিলেন না নাভোনে নিজেও। তিনি বলেন, সর্বকালের সেরা খেলোয়াড়ের বিপক্ষে পাঁচ সেটের একটি ম্যাচ খেলা এবং তাতে জয় পাওয়া—এমন কিছু প্রতিদিন ঘটে না। তার কাছে এটি সত্যিই অনেক বড় একটি ব্যাপার, অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। 

 

পরবর্তীতে সংবাদমাধ্যম ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে নাভোনে জানান, নিজের এই কীর্তি তিনি এখনও পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারেননি। তার ভাষায়, শরীরে অ্যাড্রেনালিনের প্রভাব কমতে কিছুটা সময় লাগবে। এইমাত্র ফোন হাতে নিয়ে দেখেন সেটি একটানা বেজেই চলেছে, যা থেকে তিনি অনুমান করতে পারছেন যে নিজের দেশে নিশ্চয়ই বেশ বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে।

ডিসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন সময়ে বাংলাদেশ-ভারত সিরিজ চান তামিম
৩১ আগস্ট ২০২৬

নতুন সময়ে বাংলাদেশ-ভারত সিরিজ চান তামিম

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তাবিত ক্রিকেট সিরিজটি পূর্বনির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব না হলেও এই...

চীনে প্রস্তুতি শুরু বাংলাদেশ হকি দলের
৩১ আগস্ট ২০২৬

চীনে প্রস্তুতি শুরু বাংলাদেশ হকি দলের

আগামী ৪ সেপ্টেম্বর থেকে চীনের মকিতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। এই...

এশিয়ান গেমসের দল ঘোষণা, সাফজয়ী চার ফুটবলার বাদ
৩১ আগস্ট ২০২৬

এশিয়ান গেমসের দল ঘোষণা, সাফজয়ী চার ফুটবলার বাদ

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা...

লাল বলেও রেকর্ড, ৫৭ বছরের পুরনো কীর্তি ভাঙলেন সুরিয়াভানশি
৩১ আগস্ট ২০২৬

লাল বলেও রেকর্ড, ৫৭ বছরের পুরনো কীর্তি ভাঙলেন সুরিয়াভানশি

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন বৈভাব সুরিয়াভানশি। তবে অল্পে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই