ক্লাব ফুটবলে একই দলে খেলার পর জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে মাঠে নামার স্বপ্ন ছিল দুই ভাই রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ রাকিনের।
এশিয়ান গেমসের ২৪ জনের প্রাথমিক স্কোয়াডে থাকার পর থেকেই সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল। অবশেষে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়ে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন তারা।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য ঘোষিত বাংলাদেশ হকি দলে অন্তর্ভুক্ত হয়েছেন দুই ভাই। বাংলাদেশের হকির কিংবদন্তি প্রয়াত আব্দুর রাজ্জাক সোনা মিয়ার দুই সন্তান জিমি ও রাকিন।
বাবার আদর্শেই হকির অঙ্গনে পা রাখা। ছোট ভাই রাকিন এর আগে বেশ কয়েকবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারছিলেন না। অবশেষে ক্লাব পর্যায়ে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে বড় ভাই জিমির সঙ্গে মূল স্কোয়াডে স্থান নিশ্চিত করেছেন তিনি।
এদিকে এশিয়ান গেমসে নামার আগে দলকে সর্বোচ্চ প্রস্তুত করতে নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ম্যাচ খেলার উদ্দেশ্যে দলকে জার্মানিতে পাঠানোর চেষ্টা চালানো হলেও এখনও ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বিকল্প পরিকল্পনা হিসেবে জার্মানি সফর সম্ভব না হলে হকি দলকে চীনে পাঠাতে পারে ফেডারেশন।
১৮ সদস্যের বাংলাদেশ হকি দল
বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, রোমান সরকার, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা মিমো, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ শফিকুল, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান রকি।
অতিরিক্ত খেলোয়াড় (স্ট্যান্ড-বাই): নুরুজ্জামান নয়ন, মেহরাব হাসান ও আবেদ উদ্দিন।
ডিসি/আপ্র/২২/০৮/২০২৮