বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের জন্য পাঁচ দিনের সুযোগ দিয়েছে সরকার। ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
তবে হজযাত্রীর লিখিত অনুমতি ছাড়া কোনো যাত্রীকে এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তর করা যাবে না। একই হজযাত্রীকে একাধিকবার স্থানান্তরও করা যাবে না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শর্তসাপেক্ষে বেসরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তর করা যাবে। তবে সংশ্লিষ্ট হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এ ধরনের স্থানান্তর করা যাবে না।
এ ছাড়া কোনো হজযাত্রীকে একের অধিকবার স্থানান্তর করা যাবে না। অর্থাৎ একজন যাত্রীকে সর্বোচ্চ একবারই অন্য এজেন্সিতে স্থানান্তর করা যাবে।
হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া স্থানান্তর অথবা একই যাত্রীকে একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধিত হজযাত্রী স্থানান্তর কার্যক্রম বুধবার (২ সেপ্টেম্বর) শুরু হয়েছে। নির্ধারিত শর্ত প্রতিপালন করে ৬ সেপ্টেম্বরের মধ্যেই এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এসি/আপ্র/০৩/০৯/২০২৬