গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে আন্দোলনের কর্মসূচি না দিয়ে জাতীয় সংসদে বিকল্প পরিকল্পনা ও পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু আপনারা একটা বিকল্প উপায় বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিরোধী দলের একটি পরিকল্পনা দেওয়া উচিত। জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় গঠনমূলক পরামর্শ দেওয়াও প্রয়োজন।
তিনি বলেন, ‘একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না; বরং কীভাবে এই সংকট নিরসন করা যায়, সে বিষয়ে পরিকল্পনা দিতে হবে।’ অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে দেশ আরো অন্ধকারের দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে দেশে এ সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, এ সংকট সরকারের নিজস্ব কোনো কারণে তৈরি হয়নি।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান, জাকির হোসেন রুকন প্রমুখ। পরে সংস্থাটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।
মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: এর আগে সকালে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আন্তবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন রুহুল কবির রিজভী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ ও সমাজ পিছিয়ে যাবে। পৃথিবীর প্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মেয়েদের এগিয়ে আসতে হবে, বিশেষ করে খেলাধুলায়।
তিনি বলেন, একজন শ্রেষ্ঠ নারী ক্রীড়াবিদ আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়ানোর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রের নারীদেরও অনুপ্রাণিত করেন। প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে।
রিজভী জানান, বাংলাদেশে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। যোগ্য ব্যক্তিকে সম্মান জানানো এবং প্রতিটি মহানগর ও জেলায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের ওপরও গুরুত্ব দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ বলেন, উগ্র রক্ষণশীলতা, ধর্মান্ধতা এবং জান্নাতের টিকিট বিক্রয়কারী শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে মেয়েদের খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে।
সানা/আপ্র/৪/৯/২০২৬