গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান, সেজেছে নগরী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:৪৮ এএম ২০২৬
২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান, সেজেছে নগরী
ছবি

ছবি সংগৃহীত

প্রায় ২২ বছর পর সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফিরলেও পূণ্যভূমিতে পা পড়েনি বিএনপির এই শীর্ষ নেতার। এবার সেই আক্ষেপ পূর্ণ হচ্ছে সিলেটবাসীর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।

আজ বুধবার রাতেই বিমানযোগে সিলেটে পৌঁছাবেন বলে জানিয়েছে সিলেট বিএনপি। পরদিন বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।

সিলেটের সমাবেশ শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে। তবে পুরো সফরসূচি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

আজ প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তবে আর কে কে সফরসঙ্গীর তালিকায় যুক্ত হচ্ছেন সেটি এখনো নিশ্চিত নয় দলটির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।

এদিকে তারেক রহমানের সফরে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এরই মধ্যে বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রুটের জন্য একটি নিরাপত্তার ছক তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, তারেক রহমানের সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার একটি ছক তৈরি করা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি রুটের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এরই মধ্যে সাদা পোষাকে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি বলেন, তারেক রহমানের জনসভার ভেতর, বাহির থেকে শুরু করে প্রতিটি স্থানে আমাদের নজরদারি থাকবে। ড্রোন দিয়েও নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তার যাতে কোনো ঘাটতি না থাকে, সে লক্ষ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত সিলেট বিএনপি। দলের প্রধানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে সিলেটজুড়ে। নগরীর মোড়ে মোড়ে তারেক রহমান ও সিলেট বিএনপির নেতাদের ছবি সম্বলিত বিলবোর্ড, ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। বিমানবন্দর থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ পর্যন্ত সড়কের দু’পাশ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে।

তারেক রহমান দলটির চেয়ারম্যান ছাড়াও সিলেটের জামাই। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান সিলেটেরই সন্তান। যার জন্য তারেক রহমানকে নিয়ে বাড়তি আগ্রহ সিলেটবাসীর। তার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও প্রচারণা চালাচ্ছে দলটি।

বিএনপি নেতারা বলছেন, আগামী ২২ জানুয়ারি তারেক রহমানের আগমন সিলেটের ইতিহাসের এক মাইলফলক হিসেবে থাকবে। সিলেটি জামাই তারেক রহমানকে এক নজর দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছে সিলেটবাসী।

তারেক রহমানের জনসভা সম্পন্ন করতে আলিয়া মাদরাসা মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে। গতকাল মঙ্গলবারও বিএনপি নেতারা আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। বিএনপি এই জনসভাকে একটি বড় শোডাউন হিসেবে দেখাতে চায়। সুনামগঞ্জ ও সিলেটের কমপক্ষে তিন লাখ মানুষের সমাগম ঘটাতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলের নেতারা।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট-১ আসনে দলের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এই সমাবেশ বিভাগীয় সমাবেশ না। তবুও এই সমাবেশ সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। এটি সিলেটের স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে। অন্তত তিন লক্ষাধিক মানুষের সমাগম হবে।’

এর আগে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমান বুধবার রাতে সিলেটে পৌঁছাবেন। সফরসূচির অংশ হিসেবে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (রহ:)-এর মাজার জিয়ারত করবেন। সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এটি স্মরণকালের অন্যতম বৃহৎ জনসভা হতে যাচ্ছে। জনসভা ঘিরে সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের নেতার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তার আগমন ও প্রস্থান নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করছি। সিলেটের পুলিশ প্রশাসন তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা দেবে বলে নিশ্চিত করেছে।

এসি/আপ্র/২১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ছাড়া পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
২২ জুলাই ২০২৬

ছাড়া পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা

নিট বা এনইইটি-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগে জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান...

এবার জামায়াত নেতার অডিও ভাইরাল, বিতর্কে নতুন মোড়
২২ জুলাই ২০২৬

এবার জামায়াত নেতার অডিও ভাইরাল, বিতর্কে নতুন মোড়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের...

যমুনার বৈঠকে শরিকদের ঐক্য, মর্যাদা ও অংশীদারত্বের প্রত্যাশা
২১ জুলাই ২০২৬

যমুনার বৈঠকে শরিকদের ঐক্য, মর্যাদা ও অংশীদারত্বের প্রত্যাশা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত যুগপৎ...

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
২০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খাঁন। রোববার (১৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 4 ঘন্টা আগে