গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেনু

শরিকদের পরামর্শে সরকার পরিচালনার অঙ্গীকার, ঐক্যের বার্তা তারেক রহমানের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৪৬ এএম ২০২৬
শরিকদের পরামর্শে সরকার পরিচালনার অঙ্গীকার, ঐক্যের বার্তা তারেক রহমানের
ছবি

সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার মতবিনিময় সভা ও নৈশভোজে কথা বলেন প্রধানমন্ত্রী -ছবি সংগৃহীত

সরকার পরিচালনায় যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, শরিকদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো বিভেদ নেই। আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ও জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়েই সরকার এগোবে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার মতবিনিময় সভা ও নৈশভোজে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পাঁচ মাস পর শরিকদের সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার পরিচালনায় শরিকদের সঙ্গে সমন্বয় জোরদার, রাজনৈতিক ঐক্য সুসংহত করা, আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি থাকলেও সরকারে সীমিতসংখ্যক শরিক দলের প্রতিনিধিত্ব নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটেও বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মতপার্থক্য থাকতে পারে, বিভেদ নয়
বক্তব্যে তারেক রহমান বলেন, “আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও একসঙ্গেই থাকব। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝির কোনো কারণ আমি দেখি না।”

তিনি বলেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কার কিংবা জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু শরিকদের মধ্যে কোনো বিভেদ নেই। ৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই দেশকে সামনে এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, “দেশের মানুষের আস্থা ধরে রাখতে হলে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ প্রত্যাশা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছে। আগে সেই দায়িত্ব পালন করি, তারপর নিজেদের নিয়ে ভাবব।”

৩১ দফায় জনগণের সমর্থনের দাবি
প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের কঠিন সময়ে শরিক দলগুলো একসঙ্গে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছিল। তখন অনেকেই সংস্কারের কথা বলেননি, অথচ পরে এ বিষয়ে উচ্চকণ্ঠ হয়েছেন।

তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে জনগণ ৩১ দফার পক্ষেই রায় দিয়েছে। ফলে এটি এখন শুধু রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নয়, বরং জনগণেরও প্রত্যাশায় পরিণত হয়েছে।

‘গুপ্ত’ গোষ্ঠী নিয়ে মন্তব্য

আওয়ামী লীগ সরকারের সময়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বর্তমানে যারা নিজেদের ভূমিকার দাবি করছেন, তাঁদের অনেককে দীর্ঘ আন্দোলনের সময় রাজপথে দেখা যায়নি।

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর একটি ‘গুপ্ত বাহিনী’ সক্রিয় হয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তাঁর দাবি, নির্বাচনে জনগণের রায়ের পর সেই গোষ্ঠী দিশাহারা হয়ে পড়েছে।

অন্তর্বর্তী সরকারের এক সাবেক উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই সরকার পরিচালনার সময় প্রশাসনে ‘গুপ্ত বাহিনীর’ উল্লেখযোগ্য প্রভাব ছিল।

‘ফেয়ারওয়েল নয়, একসঙ্গেই থাকব’
বৈঠকের শেষদিকে একজন নেতা রসিকতার সুরে জানতে চান, এটি কি ‘ফেয়ারওয়েল ডিনার’? জবাবে হাস্যরসের সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ফেয়ারওয়েল ডিনার যদি দিতেই হয়, তাহলে গুপ্ত-সুপ্তদের বা স্বৈরাচারকে দেওয়া যায়। আমরা যারা একসঙ্গে ছিলাম, আমরা ইনশাআল্লাহ একসঙ্গেই থাকব।”

শরিকদের উদ্দেশে তিনি বলেন, অনেক দিন একসঙ্গে বসার সুযোগ হয়নি বলেই এ আয়োজন করা হয়েছে। শরিকদের কোনো কষ্ট বা অভিমান থাকলে ছোট ভাই হিসেবে তা তিনি গ্রহণ করছেন এবং এ জন্য দুঃখও প্রকাশ করেন।

শরিকদের মতামত
মতবিনিময় সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সময়ে দেশ পরিচালনায় তারেক রহমানের বিকল্প তিনি দেখছেন না। তবে তিনি সরকারের সফলতা যেমন কামনা করেন, তেমনি গণতান্ত্রিক পরিবেশ, সমালোচনার অধিকার ও শরিকদের মর্যাদা নিশ্চিত করার ওপরও জোর দেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বর্তমান সময়টি বিএনপি ও তারেক রহমানের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। সবাইকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দূরদর্শিতার সঙ্গে এগোতে পারলে সরকার ও শরিক—উভয়েরই ভবিষ্যৎ শক্তিশালী হবে। একই সঙ্গে তিনি শরিকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও পারস্পরিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম সরকারের পাঁচ মাসের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে হজ ব্যবস্থাপনাকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরেন।

গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী অভিযোগ করেন, সরকার গঠনের পর বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে শরিক দলগুলোর যথাযথ মূল্যায়ন হয়নি। জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শরিকদের সঙ্গে বিএনপির যোগাযোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে নিয়মিত বৈঠকের আয়োজন করা হবে।

অংশ নেয়নি দুটি দল

বৈঠকে আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল অংশ নেয়নি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদ, গণভোট ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আগে বিএনপির সঙ্গে পৃথক রাজনৈতিক বৈঠকে অংশ নিলে ভুল বার্তা যেতে পারে।

জমিয়তে উলামায়ে ইসলাম আমন্ত্রণ পেলেও কৌশলগত কারণে বৈঠকে অংশ নেয়নি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, মোস্তফা জামাল হায়দার, সুব্রত চৌধুরী, রফিকুল ইসলাম বাবলুসহ যুগপৎ আন্দোলনের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে অংশ নেন। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধানমন্ত্রী নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একসঙ্গে নৈশভোজে অংশ নেন।
সানা/আপ্র/২১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, প্রশ্ন আর অপূর্ণ প্রতিশ্রুতির ভার
২১ জুলাই ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, প্রশ্ন আর অপূর্ণ প্রতিশ্রুতির ভার

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার এক বছ...

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
২১ জুলাই ২০২৬

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি...

ঢাকার ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল
২১ জুলাই ২০২৬

ঢাকার ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ছয় মাসের মধ্যে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরি...

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে রাজনীতিকদের যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল
২১ জুলাই ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে রাজনীতিকদের যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বা দলীয় পদে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই