গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিচ্ছিন্ন সহিংসতা, ছয় জেলায় ৬ মৃত্যু; অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট

উৎসবের আমেজে নির্বাচন সম্পন্ন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:২৯ এএম ২০২৬
উৎসবের আমেজে নির্বাচন সম্পন্ন
ছবি

ছোটখাটো, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ। ছিল উৎসবমুখর পরিবেশ, কোথাও দীর্ঘ সারি -ছবি সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৬ বছর স্বৈরতান্ত্রিক শাসনের পর নানা চড়াই-উৎরাই ও অনিশ্চয়তার পথ পেরিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশব্যাপী উৎসবের আমেজে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী ভোট হয়। ছোটখাটো ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
২৯৯টি আসনে বিরতিহীন ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। নির্বাচনে ভোট পড়ার হার গতকাল রাত পর্যন্ত জানা যায়নি। তবে দুপুর ২টায় প্রায় ৫০ শতাংশ ভোট পড়ার কথা জানায় ইসি। অসমর্থিত সূত্রে জানা গেছে, ৬০-৬৫ শতাংশ ভোট পড়তে পারে। ফলাফল ঘোষণা আজ শুক্রবার দুপুরের মধ্যে হবে বলে জানায় ইসি। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কয়েকটি সংসদীয় আসনের ফলে বিএনপি ও জামায়াতে ইসলামী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়।

সকালে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ে। তবে গোপালগঞ্জের বেশিরভাগ কেন্দ্রে ছিল ভিন্ন চিত্র-অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। দেশের কয়েকটি স্থানে জাল ভোট, আগেই ভোট দেওয়া হয়ে যাওয়ার অভিযোগ, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকাল পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।
 

ছয় জেলায় ৬ মৃত্যু: ভোটগ্রহণ চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ভোটকেন্দ্র বা কেন্দ্রসংলগ্ন এলাকায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে মারা যান; একজনের মৃত্যুকে কেন্দ্র করে ধাক্কার অভিযোগ ওঠে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্র (নং-৫১)-এ দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তা মুজাহিদুল ইসলাম (৪৮) সকাল ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খুলনা সদরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রের অদূরে সকাল ৮টা ১০ মিনিটে উত্তেজনার মধ্যে খুলনা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি (৫৫) মারা যান। বিএনপির দাবি, জামায়াত নেতার ধাক্কায় গাছে লেগে তিনি আহত হন; জামায়াত নেতারা বলছেন, তিনি অসুস্থ হয়ে পড়েন। দায়িত্বরত এসআই খান ফয়সাল রাফি জানান, ধাক্কাধাক্কির কোনো ঘটনা ঘটেনি।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা সাড়ে ১১টার দিকে বাবু মিয়া (৬৫) অসুস্থ হয়ে মারা যান। পরিবারের দাবি, তিনি স্ট্রোক করেন। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৭টা ৩৫ মিনিটে ভোটের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মো. মনু মিয়া (৬২)। গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার পর অসুস্থ হয়ে মারা যান কৃষক বাশেদ আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির জানান, এটি স্বাভাবিক মৃত্যু। ঢাকার যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতনে ভোট দিতে গিয়ে সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন আলী আবু সাঈদ সরকার (৫৩)। সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে ভুগছিলেন।
 

উৎসবমুখর পরিবেশ, কোথাও দীর্ঘ সারি: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল, রংপুরসহ অধিকাংশ জেলায় উৎসবমুখর পরিবেশে ভোট হয়। নাটোরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভিড় দেখা যায়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আল-মামুন মিয়া জানান, কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নেত্রকোনা-২ আসনের কয়েকটি কেন্দ্রে সকালে উপস্থিতি কম ছিল। দত্ত উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫০ মিনিটে পড়ে ২৯ ভোট; আদর্শ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এক ঘণ্টায় ৩২ ভোট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।
পটুয়াখালী-৪ আসনের ৭৪ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়। সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নওগাঁ, নীলফামারী, বগুড়া, ভোলা ও মেহেরপুরে দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। বরিশালে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
 

বিচ্ছিন্ন সংঘর্ষ, ব্যালট জালিয়াতির অভিযোগ: শেরপুর-১ আসনের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করা হয়; আটক হন দুজন।
মেহেরপুরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে ৯ জন আহত হন। রাজশাহীর দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল নিক্ষেপে দুজন আনসারসহ তিনজন আহত হন। মুন্সীগঞ্জের মাকহাটি গুরুচরণ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কুষ্টিয়ার মিরপুরে ব্যালট চুরির অভিযোগে শাহিন মালিথা (২০) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর-৩ আসনের শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এক নারী ভোটার লাইনে দাঁড়িয়ে জানতে পারেন তার ভোট আগেই দেওয়া হয়েছে। এ ঘটনায় তিন নির্বাচনি কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করেন, তার তিন কর্মীকে আটক ও নয়টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে।
 

প্রার্থীদের প্রতিক্রিয়া: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।” চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, গণতন্ত্র ফিরে আসছে।
১১ দলীয় জোটের প্রার্থীরাও নির্বাচন শান্তিপূর্ণ বলে মন্তব্য করেন। কুমিল্লা-১১ আসনের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠু রায় মেনে নেবে জামায়াতে ইসলামী। তবে চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ টাকা বিতরণের অভিযোগ তোলেন।
 

ভোট শেষে কঠোর নিরাপত্তা: বিকালে ভোট শেষ হওয়ার পর রাজধানীসহ বিভিন্ন স্থানে কেন্দ্রসংলগ্ন এলাকা থেকে কর্মী-সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনী সতর্ক অবস্থান নেয়। ফল ঘোষণা না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
সামগ্রিকভাবে দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এ নির্বাচনকে অধিকাংশ ভোটার ও প্রার্থী শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। বিচ্ছিন্ন সহিংসতা ও অনিয়মের অভিযোগ তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

সানা/আপ্র/১২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ডাদেশ বা...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
০৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থা...

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ
০৬ সেপ্টেম্বর ২০২৬

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ

রাজধানীর দারুস সালামে ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে আসা গুলিতে জেসমিন বেগম (৩৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে