গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

প্রধামন্ত্রীর সঙ্গে হাত মেলানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভাগীয় কমিশনার প্রত্যাহার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:০৬ এএম ২০২৬
প্রধামন্ত্রীর সঙ্গে হাত মেলানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভাগীয় কমিশনার প্রত্যাহার
ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এর পর তিনি রাজশাহী ছেড়ে ঢাকায় চলে গেছেন। তাঁর স্থলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর সময় ইউসুফ আলীর আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ প্রত্যাহারের ঘটনা ঘটল। ভিডিওতে প্রধানমন্ত্রীকে হাত মেলানোর সময় তাঁর দিকে এগিয়ে যেতে এবং অন্য হাত প্রধানমন্ত্রীর পেছনে নিতে দেখা যায়। এ ঘটনায় তিনি রাষ্ট্রাচার ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন কি না, তা নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। তবে ভিডিওতে দেখা ঘটনার সঙ্গে বিভাগীয় কমিশনারকে প্রত্যাহারের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ইউসুফ আলীকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। এতে প্রত্যাহারের কারণ উল্লেখ না করে বলা হয়, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অদ্যই কার্যকর হবে।’

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন পাওয়ার পর ইউসুফ আলী দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। রাত ১১টার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি রাজশাহী ত্যাগ করেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁর গাড়ি নগরের তালাইমারী এলাকা অতিক্রম করে। পরে তিনি ঢাকায় পৌঁছান।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বুধবার প্রথম আলোকে বলেন, প্রশাসনিক কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। এ ধরনের ঘটনা সব সময়ই ঘটে।

মঙ্গলবার রাজশাহী সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তাঁকে বহনকারী উড়োজাহাজ রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজশাহী ত্যাগ করেন। বিমানবন্দরে বিদায় জানানোর সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছিলেন। এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সঙ্গে হাত মেলানোর ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়।

১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী ইউসুফ আলীর দিকে হাত বাড়ালে তিনি এক ধাপ এগিয়ে হাত মেলান। একই সঙ্গে তাঁর অন্য হাত প্রধানমন্ত্রীর পেছনের দিকে নিতে দেখা যায়। ভিডিওটি দেখে তাঁর প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করার ধারণা তৈরি হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী কিছুটা পিছিয়ে গিয়ে তাঁকে বাধা দেন এবং লাইনে দাঁড়ানোর পরামর্শ দেন বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিভাগীয় কমিশনারের আচরণের সমালোচনা করেন। বুধবার সকালে জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী তাঁর ফেসবুকে লেখেন, ‘প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে ওএসডি হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার!’

তবে ভিডিওতে দৃশ্যমান ঘটনা এবং প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সরাসরি যোগসূত্রের বিষয়ে কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রত্যাহারের প্রজ্ঞাপনেও এ বিষয়ে কিছু বলা হয়নি।

ইউসুফ আলীর বক্তব্য জানতে তাঁর সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান ফোন ধরলেও পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।

এর আগে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়ক নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে নাটোরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আসামি করে ১৮ আগস্ট থানায় এজাহার করা হয়। পরদিন ১৯ আগস্ট নাটোরের তৎকালীন জেলা প্রশাসক আসমা শাহীন এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। সেদিনই রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে ইউসুফ আলীকে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের প্রায় দুই মাসের মাথায় তাঁকেও প্রত্যাহার করা হলো।
সানা/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার
২১ অক্টোবর ২০২৬

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
২১ অক্টোবর ২০২৬

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছে...

সফটওয়্যার রক্ষণাবেক্ষণে সাত দিন বন্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন
২১ অক্টোবর ২০২৬

সফটওয়্যার রক্ষণাবেক্ষণে সাত দিন বন্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্...

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
২১ অক্টোবর ২০২৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই