গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

ধর্মীয়সম্প্রীতি ও সমানাধিকারের বার্তা নিয়ে রংপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৪:১০ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:০৮ এএম ২০২৬
ধর্মীয়সম্প্রীতি ও সমানাধিকারের বার্তা নিয়ে রংপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী
ছবি

রংপুরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১২টার দিকে মন্দিরে পৌঁছে তিনি পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন -ছবি সংগৃহীত

রংপুরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১২টার দিকে মন্দিরে পৌঁছে তিনি পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান। এ সময় মন্দির কমিটির নেতারা তাঁকে অভ্যর্থনা জানান।

এর আগে রংপুরের তারাগঞ্জ উপজেলার চৌপথি ও সদর উপজেলার পাগলাপীরে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা না করে কারও বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।

ধর্ম যার যার, রাষ্ট্র সবার
তারাগঞ্জের চৌপথি এলাকার পথসভায় প্রধানমন্ত্রী বলেন, “আমরা সবাই বাংলাদেশি। এই দেশের মাটিতেই আমাদের বেড়ে ওঠা। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-ধর্ম যার যার, কিন্তু দেশ আমাদের সবার। এ দেশ আমাদের সবার, এ দেশের ওপর আমাদের সবার অধিকার রয়েছে। এ দেশের প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।”

সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিক যেন নিরাপদে বসবাস করতে পারেন, নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন এবং সমান মর্যাদা নিয়ে দেশের উন্নয়নে অংশ নিতে পারেন, সেই পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পাগলাপীরের পথসভায় তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতিটি শ্রেণির মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের কল্যাণেও ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

জাতীয় ঐক্য নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান
রংপুর নগরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, সরকার দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায়। কিন্তু একটি মহল বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল, যা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “আমি সকলকে সঙ্গে নিয়ে, গণতন্ত্রকামী সকল জনগণকে একসঙ্গে নিয়ে গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে বলতে চাই, দয়া করে আপনারা কেউ চব্বিশের ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটিকে দয়া করে আপনারা বিতর্কিত করবেন না।”

কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ তাঁদের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েছে। সংসদে আলোচনা ও বিতর্কের মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের জন্য যা ভালো, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

নির্বাচনে বিএনপি বা এর প্রার্থীদের ভোট দিয়েছেন কি না, তা বিবেচনায় না নিয়ে সবার জন্য কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বর্তমান সরকার এমন একটি সরকার হতে চায়, এই সরকারকে যে ভোট দিয়েছে তারও সরকার হতে চায় এই সরকার, যে ভোট দেয়নি তার জন্যও এই সরকার সরকার হতে চায়।”

রংপুরের উন্নয়নে বরাদ্দ ১ হাজার ৮০০ কোটি টাকা
দেশের সব এলাকার সুষম উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। রংপুর মহানগরের উন্নয়নে গত দুই সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া রংপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে সেতু, কালভার্ট, স্কুল ও কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব উন্নয়নকাজ এগিয়ে নিতে রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, সে সময় ধর্মীয় পরিচয় বিবেচনা না করে বিভিন্ন ধর্মের মানুষ দেশ স্বাধীন করার জন্য লড়াই করেছেন। পরবর্তী সময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

দেশের মানুষের প্রত্যাশা পূরণে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। জনগণ স্থিতিশীলতা চায়, শান্তিতে ও নিরাপদে বসবাস করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

মন্দির কমিটির নেতাদের অভ্যর্থনা
মঙ্গলবার রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী পৌঁছালে মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুণ্ডু, রংপুর মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় ও সদস্য সচিব পলাশ কান্তি নাগ তাঁকে অভ্যর্থনা জানান।

মন্দির কমিটির সহসভাপতি পার্থ বোস বলেন, “আমরা কখনো ভাবিনি, কোনো প্রধানমন্ত্রী আমাদের পূজামণ্ডপ পরিদর্শনে আসবেন। আমরা তাঁকে পেয়ে খুবই খুশি হয়েছি।”

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কয়েক দিন ধরে মন্দির কমিটি ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ ছিল। মন্দিরের চারপাশসহ নগরের প্রবেশপথগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকেই প্রেসক্লাব চত্বরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর।

রাজশাহী ও চট্টগ্রাম সফরসূচি
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা প্রধানমন্ত্রীর। দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি এবং বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামে পৌঁছে জে এম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা তাঁর।

একই দিনে তিন মহানগরে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
সানা/আপ্র/২০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
২০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের স...

মেসিদের বিপক্ষে রেফারিকে ‘জালিম’ ডেকে নিষিদ্ধ হলেন মিশরের ফরোয়ার্ড
২০ অক্টোবর ২০২৬

মেসিদের বিপক্ষে রেফারিকে ‘জালিম’ ডেকে নিষিদ্ধ হলেন মিশরের ফরোয়ার্ড

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলে হেরেছিল মিশর।...

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
২০ অক্টোবর ২০২৬

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সং...

টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
২০ অক্টোবর ২০২৬

টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে