প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার এবং তাঁদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজ ও সরকারের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘শাপলায়’ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, “এই সমাজের প্রতি, এই দেশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে। ঠিক একইভাবে আজ এখানে যেসব মানুষ উপস্থিত আছেন, আপনাদের প্রতিও সমাজের দায়িত্ব রয়েছে; সরকারের দায়িত্ব রয়েছে। সরকারের দায়িত্ব বা সমাজের দায়িত্ব থেকে যতটুকু পালন করা উচিত ছিল, ততটুকু পালন করা সম্ভব হয়নি।”
প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাফেরা ও বিভিন্ন কাজে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কষ্ট সরকার বুঝতে পারে। সমস্যা সমাধানে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাবেন এবং সরকার তাঁদের পাশে থাকবে।
তিনি বলেন, “যে বিষয়গুলো আপনারা বলেছেন, তা আমরা বাস্তবায়ন করতে পারি, যেন যেসব সমস্যা আছে, যতদূর পারি, সেটা আমাদের চেষ্টা থাকবে। আমার সরকার তা করবে।”
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় সভায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু দাবি মেনে নেন।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়। সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা।
উপপ্রেস সচিব জানান, আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন নিশ্চিত করার দাবির পরিপ্রেক্ষিতে অন্তত বড় শহরগুলোতে এ ধরনের পরিবহনব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সৃষ্টির বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
মতবিনিময় সভায় মো. মহসিন নামে একজন প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ উপহার নিয়ে আসেন। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে এসে তাঁর কাছ থেকে ক্যাপটি গ্রহণ করেন। বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে মহসিনের দলকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
সভায় অন্যদের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৭/১০/২০২৬