ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেমিকের মরদেহ দেখার পর হাসপাতালের বাথরুমে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটির পেছনে আরও রহস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত তন্ময়ী মন্ডল বারডেম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। তাঁর বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবনের নিচতলার একটি বাথরুম থেকে তন্ময়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, তন্ময়ীর সঙ্গে আকাশ মিত্রের প্রেমের সম্পর্ক ছিল বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। আকাশ রোববার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের মালোপাড়া মিন্টু হাজীর গলির বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর মরদেহের ময়নাতদন্ত করা হয়। এ সময় তন্ময়ীও মর্গে উপস্থিত ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মর্গে আকাশের মরদেহ দেখার পর তন্ময়ী হাসপাতালের ভেতরেই নিজের হাত কাটেন। পরে পুরনো ভবনের নিচতলার বাথরুমে গিয়ে গলায় ফাঁস দেন।
আকাশ মিত্র পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাখন চন্দ্র মিত্রের ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জে বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, আকাশ বিবাহিত ছিলেন এবং তাঁর একটি সন্তান রয়েছে। আর্থিক সংকট ও ঋণের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, আকাশের কাছ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তন্ময়ীর টাকা পাওয়ার কথা উল্লেখ রয়েছে।
তন্ময়ীর বোন তন্দ্রা মন্ডল বলেন, আকাশের সঙ্গে তাঁর বোনের প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন অজুহাতে আকাশ তন্ময়ীর কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছিলেন। ওই টাকা তন্ময়ী অন্যের কাছ থেকে ধার করেছিলেন। টাকা ফেরত দেওয়া নিয়ে তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল বলেও দাবি করেন তিনি।
শাহবাগ থানার উপপরিদর্শক মাহফুজা আক্তার বলেন, প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে তন্ময়ী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসাইন বলেন, পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে। হাসপাতালের সিসিটিভির ভিডিও যাচাই-বাছাই করা হচ্ছে। ভিডিওতে তন্ময়ীকে হাসপাতালের ভেতরে একা হাঁটাহাঁটি করতে দেখা গেছে। তবে বাথরুমে প্রবেশের আগ পর্যন্তই তাঁকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, আকাশের আত্মহত্যা এবং তন্ময়ীর মৃত্যুর ঘটনা পরস্পরের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সানা/আপ্র/৬/১০/২০২৬