রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের ধ্বংসস্তূপ পরিদর্শন করে দ্রুত সংস্কারের মাধ্যমে স্বাস্থ্যসেবা চালুর আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সোমবার ২৮ সেপ্টেম্বর থেকেই কেন্দ্রটিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হবে।
রোববার(২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙচুরের শিকার স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমিনুল হক বলেন, প্রায় ৫০ বছর ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটির কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী বলেন, সোমবার থেকেই কেন্দ্রটির সংস্কারের কাজ শুরু হবে। চলমান স্বাস্থ্যসেবা যাতে একদিনের জন্যও ব্যাহত না হয়, সে বিষয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে সার্বিক সহযোগিতা করবেন এবং যত দ্রুত সম্ভব সংস্কারের ব্যবস্থা করবেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এত বড় ধ্বংসযজ্ঞ দেখে তিনি অত্যন্ত মর্মাহত। একটি সুন্দর সেবামূলক প্রতিষ্ঠানকে রাতের অন্ধকারে বুলডোজার এনে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে গুঁড়িয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
আমিনুল হক বলেন, এ ঘটনায় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসিকে ক্লোজ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তবে ওসিকে প্রত্যাহারের সরকারি আদেশে কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, একটি রাজনৈতিক মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করছে। বাস্তবে কারা ঘটনার পেছনে রয়েছে এবং কারা কী উদ্দেশ্যে দখলদারির ভূমিকা নিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী আরো বলেন, কারও কোনো আইনি দাবি থাকলে তা আদালত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উত্থাপন করতে হবে। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র ভেঙে ফেলার অধিকার কারও নেই। এটি গৃহায়ন কর্তৃপক্ষের জায়গা এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।
প্রায় পাঁচ দশক ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিশু, প্রসূতি মা ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে উল্লেখ করে আমিনুল হক বলেন, এলাকার মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না। শিশুদের টিকাদানসহ সব ধরনের সেবা দ্রুত স্বাভাবিক করা হবে এবং সেবাগ্রহীতাদের কোনো ভোগান্তি হতে দেওয়া হবে না।
সরকার বা দল এ ঘটনায় বিব্রত কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শাহ আলী থানার ওসিকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও একজন সংসদ সদস্যের নামও এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত- দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে।
তিনি বলেন, এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তারা তাদের দলের কেউ নন এবং দলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে তদন্তে ভবিষ্যতে কোনো দলীয় ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলেও তাকে ছাড় দেওয়া হবে না। শতভাগ স্বচ্ছ তদন্ত চান তারা। পুলিশ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পরে আরো ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/২৭/৯/২০২৬