ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক যুবক মুহিবুল্লাহ মুবিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত মুহিবুল্লাহ মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রবেশের পরপরই নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এসি/আপ্র/০৭/০৯/২০২৬