বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বট বাহিনী পরিচালনা করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এ কারণে বিএনপির বিরুদ্ধে বট ব্যবহারের তথ্য তুলনামূলকভাবে কম। একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাইয়ের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার নিরপেক্ষভাবে তথ্য যাচাইয়ের কাজ করছে। শুধু ম্যানুয়াল পদ্ধতিতে নয়, স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাইয়ের জন্যও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই এ বিষয়ে সংসদকে অবহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে বিদ্যমান প্রেস কাউন্সিলের কার্যক্রমকে যুগোপযোগী করার বিষয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বর্তমান প্রেস কাউন্সিলের বিধান অনুযায়ী প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করা যায়। কিন্তু অনলাইন মাধ্যমে একই ধরনের তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।
বিরোধী দলকে লক্ষ্য করে অনলাইনে অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলে তিনি জানতে চান, বিদ্যমান প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করা হবে কি না এবং অনলাইন সংস্করণে ব্যক্তি বা রাজনৈতিক দলকে আক্রমণ করে অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে কি না, তাও জানতে চান তিনি।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু বিরোধীদলীয় সদস্যদেরই আক্রমণ করা হচ্ছে না; দেশের নারী, বিভিন্ন সরকারি দলের সদস্য, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়েও আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, এসব বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে। প্রেস কাউন্সিলকে পুনর্গঠন করে আরো কার্যকর করা হবে এবং অনলাইন মাধ্যমের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সরকারের পরিকল্পনা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে ভুল তথ্য ও ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য কীভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শও চলছে। এ বিষয়ে একটি কার্যকর ও সুন্দর কাঠামো দাঁড় করানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সানা/আপ্র/৩/৯/২০২৬