গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

তৃতীয় টার্মিনাল চালুতে ৯০২ কোটি টাকা লাগবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৫০ এএম ২০২৬
তৃতীয় টার্মিনাল চালুতে ৯০২ কোটি টাকা লাগবে
ছবি

জাতীয় সংসদ অধিবেশনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত -ছবি সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, টার্মিনালটি দ্রুত চালু করা গেলে এর আয় দিয়ে জাইকার ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদ তৈরি হয়েছে। এটি ব্যবহার না করে ফেলে রাখলে রাষ্ট্রের ক্ষতি হবে। টার্মিনালটি যত দ্রুত চালু করা যাবে, তত দ্রুত ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগের বকেয়াসহ এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম যে অর্থ পাবে, মোট ৯০২ কোটি টাকা পরিশোধ করা হলে তৃতীয় টার্মিনাল চালু করা যাবে। অর্থ মন্ত্রণালয় এ অর্থের বরাদ্দের ব্যবস্থা করেছে।

তাঁর ভাষ্য, তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা দ্বিগুণ হবে। অতিরিক্ত আয় থেকে জাইকার ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার বা ওআরএটির প্রায় ৫৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রচেষ্টা চলছে।

বিমানের ৯টি উড়োজাহাজ কেনার চুক্তি খতিয়ে দেখা হবে: বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট নয়টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে। এসব উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রী হয়রানি রোধে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে হেল্প ডেস্ক, দ্রুত ব্যাগেজ স্ক্যানিং, ইমিগ্রেশন ও চেক-ইন ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

মন্ত্রী জানান, গত অর্থবছরে ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশ ক্ষেত্রে প্রথম লাগেজ ১৮ মিনিটের মধ্যে এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে সরবরাহ করা সম্ভব হয়েছে। অনলাইন টিকিটিং ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে যাত্রীসেবা সহজ করা, যাত্রী ও কার্গো পরিবহন বাড়ানো এবং রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে ট্রাভেল এজেন্সি আইন ও বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ১০ দফার একটি পরিপত্র জারি করা হয়েছে। এর আওতায় ট্রাভেল এজেন্সিকে টিকিটে তাদের নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সেন্ট মার্টিনে অবৈধ রিসোর্ট বন্ধের আশ্বাস: সেন্ট মার্টিনে অবৈধভাবে রিসোর্ট নির্মাণের বিষয়ে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন জানতে চাইলে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তিনি চলতি মাসে সেন্ট মার্টিন সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় বিষয়টি স্থানীয় ও জেলা প্রশাসনের নজরে এনেছেন। এ ধরনের অপতৎপরতা অল্প সময়ের মধ্যে বন্ধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বব্যাপী তাপজনিত অসুস্থতা ও মৃত্যু বাড়ছে। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।

চাহিদা অনুযায়ী সারের ঘাটতি নেই: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ২০২৬-২৭ অর্থবছরে রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন, টিএসপি ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন, ডিএপি ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন এবং এমওপি ৯ লাখ ৫০ হাজার মেট্রিক টনের চাহিদা রয়েছে।

তিনি বলেন, চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিবিড় নজরদারি চলছে।

গুম-হত্যার শিকারদের জন্য পৃথক অধিদপ্তর: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলামের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই আন্দোলনে শহীদ, আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য ইতোমধ্যে জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে।

এর পাশাপাশি গুম, হত্যা ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের জন্য পৃথক আরেকটি অধিদপ্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

১,৪৯৮ পর্যটনকেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা: সংরক্ষিত আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জানান, দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির তথ্য চেয়েছে সরকার: নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি বা সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়া হয়েছে।

কে মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন এবং কার সন্তান ওই সনদের সুবিধা নিয়ে চাকরি পেয়েছেন-সে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দপ্তর থেকে জবাব আসতে শুরু করেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি যে মন্ত্রণালয় বা দপ্তরে কর্মরত, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানান মন্ত্রী।
সানা/ডিসি/আপ্র/৩০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
৩০ আগস্ট ২০২৬

গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত

‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষা-নিরীক্ষা শেষে জাতীয় সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরা...

গুমের তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারকে স্মারকলিপি
৩০ আগস্ট ২০২৬

গুমের তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারকে স্মারকলিপি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, সত্য উদ্ঘাটন, বিচার ও রাষ্ট্রী...

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে তলব
৩০ আগস্ট ২০২৬

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে তলব

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ...

কাঁদতে কাঁদতে প্রিয় রনজিলা ম্যাডামকে শেষ বিদায়
৩০ আগস্ট ২০২৬

কাঁদতে কাঁদতে প্রিয় রনজিলা ম্যাডামকে শেষ বিদায়

জীবনের প্রায় পুরোটা সময় বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা বিদ্যালয়ে কাটিয়েছেন রনজিলা পারভী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে