চলতি বছরের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে। বছরের শেষ চার মাসের কিছু বেশি সময় বাকি থাকলেও সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আ পাঁচটি সরকারি ছুটি। এর মধ্যে দুটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে নয়টি ছুটি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
২৭ আগস্ট পর্যন্ত বছরের অধিকাংশ সরকারি ছুটি শেষ হয়েছে। এখন বাকি রয়েছে পাঁচটি ছুটি।
সেপ্টেম্বরে এক দিন
৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না।
অক্টোবরে দুই দিন
অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।
এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ কাটানোর সুযোগ থাকবে।
ডিসেম্বরে দুই দিন
বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরো দুটি সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন ও বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় বড়দিনের ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে। তবে ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব।
অর্থাৎ, ২৭ আগস্টের পর চলতি বছরে সরকারি ছুটি রয়েছে মোট পাঁচ দিন। এর মধ্যে সেপ্টেম্বরের ছুটিটি সাপ্তাহিক ছুটির দিনে পড়লেও অক্টোবর ও ডিসেম্বরে এক দিনের ছুটি নিলে দীর্ঘ অবকাশ পাওয়ার সুযোগ রয়েছে।
এসি/আপ্র/২৭/০৮/২০২৬