গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে রোববার (২৩ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। একইভাবে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারে যাঁরা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাঁদের ত্যাগেরও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, গুম হয়ে যাঁরা আর পরিবারের কাছে ফিরে আসেননি, নির্মমভাবে খুন বা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন কিংবা মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে থেকে নিঃস্ব হয়েছেন-রাষ্ট্র তাঁদের ত্যাগ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চায়।
ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে এবং কোনো মা-বাবা, স্বামী-স্ত্রী বা সন্তানকে স্বজন হারানোর এমন বর্বরতার শিকার হতে না হয়, সে জন্য স্থায়ী প্রতিরোধ গড়ে তুলতেই এই রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল চেতনার মধ্যে ছিল মানুষের স্বাধীনভাবে জীবনযাপন, মানবাধিকার সুরক্ষা, রাষ্ট্রীয় বলপ্রয়োগ বন্ধ এবং প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তাঁর দাবি, ২০০৯ সালের পর ভোটের অধিকার হরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেই আদর্শ ক্ষুণ্ন করা হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন কিংবা আর্থিকভাবে নিঃস্ব হয়েছেন, তাঁদের জন্য রাষ্ট্রের কিছু করার দায়িত্ব রয়েছে।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যাবলি নির্ধারণকারী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ‘সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)’ সংশোধনের নীতিগত বিষয়েও আলোচনা হয়। এর মাধ্যমে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য নতুন দায়িত্ব মন্ত্রণালয়ের আওতায় আনুষ্ঠানিকভাবে যুক্ত করার প্রস্তাব রয়েছে।
জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপলস অ্যান্ড গাইডলাইনস অন দ্য রাইট টু আ রেমেডি অ্যান্ড রিপারেশন’ নীতিমালা এবং বাংলাদেশের সংবিধান অনুসরণ করে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অধিকার নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।
আলোচনায় তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। এগুলো হলো-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা; ভুক্তভোগী ও তাঁদের পরিবারের পূর্ণ অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সময়োপযোগী আইন প্রণয়ন; এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশ্লিষ্ট তফসিল সংশোধন করে এ-সংক্রান্ত দায়িত্ব মন্ত্রণালয়ের কার্যাবলিতে যুক্ত করা।
আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন ও বিচার, সমাজকল্যাণ, স্বাস্থ্য, যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সানা/ডিসি/আপ্র/২৩/৮/২০২৬