মাছ ছাড়া বাঙালির খাবারের পাতে যেন পূর্ণতা আসে না। কাতলা মাছ দিয়ে ঝোল, কালিয়া কিংবা ঝালের পদই তো প্রায়ই রান্না হয়। এবার চেনা কাতলা মাছেই আনুন একটু ভিন্ন স্বাদ। তৈরি করুন সুস্বাদু কাতলা মাছের কাবাব। এই কাবাব স্বাদে আনবে নতুনত্ব, কাটাবে চেনা রান্নার একঘেয়েমি।
গরম ভাতের সঙ্গে তো বটেই, নান, রুটি কিংবা পোলাওয়ের সঙ্গেও দারুণ মানিয়ে যাবে এই পদ। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাশতায় আয়োজনেই রাখতে পারেন ভিন্ন স্বাদের এই কাতলা মাছের কাবাব।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে কাতলা মাছের কাবাব তৈরি করবেন-
উপকরণ
কাতলা মাছ আধা কেজি
পেঁয়াজ বেরেস্তা ১ কাপ
সিদ্ধ আলু ২টি
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি ৪-৫টি
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
গরম মসলা গুঁড়া আধা চাচামচ
ধনিয়া গুঁড়া ১ চামচ
ধনেপাতা কুচি আধা কাপ
ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
ডিম ১টি
লেবুর রস ১ চা চামচ
লবণ স্বাদমতো
সয়াবিন তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে কাতলা মাছের টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর সামান্য লবণ ও হলুদ দিয়ে মাছ সিদ্ধ করে নিন। মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে মাছের সব কাঁটা খুব সাবধানে বেছে ফেলে দিন। কাঁটা ছাড়ানোর সময় ভালোভাবে দেখে নিন, যেন কোনো ছোট কাঁটাও বাকি না থাকে।
এবার একটি পাত্রে কাঁটা ছাড়ানো মাছ নিয়ে ভালোভাবে চটকে নিন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, সিদ্ধ আলু, আদা-রসুন বাটা, প্রয়োজনমতো লবণ, মরিচের গুঁড়া ও অন্যান্য গুঁড়া মসলা দিয়ে দিন। এবার পেঁয়াজ বেরেস্তা, সামান্য চিনি ও লেবুর রস দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন।
মিশ্রণটি যদি বেশি নরম বা আঠালো মনে হয়, তাহলে এতে ডিম, ব্রেড ক্রাম্ব ও কনফ্লাওয়ার মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মেখে এমন একটি মিশ্রণ তৈরি করুন, যা হাতে নিয়ে সহজে আকার দেওয়া যায়। এবার হাতের তালুতে সামান্য তেল বা পানি লাগিয়ে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল বা চ্যাপ্টা কাবাবের আকার দিন। সব কাবাব তৈরি হয়ে গেলে একটি প্লেটে সাজিয়ে ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিন।
এরপর কড়াইতে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে কাবাবগুলো সাবধানে দিয়ে মাঝারি আঁচে ভাজুন। এক পাশ সোনালি হয়ে এলে আলতো করে উল্টে অন্য পাশও সমানভাবে ভেজে নিন। দুই পাশ সুন্দর সোনালি হয়ে গেলে কাবাবগুলো তেল থেকে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। গরম গরম কাতলা মাছের কাবাব পেঁয়াজের রিং, শসা, লেবুর টুকরো ও পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।
এসি/আপ্র/২০/৯/২০২৬