আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজের অসহায়, নিপীড়িত ও সাধারণ মানুষের আইনি অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাই আইনজীবীদের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, নবীন আইনজীবীদের নিজেদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলে দেশের বিচারব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামে আয়োজিত নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইন পেশাকে কেবল জীবিকা হিসেবে না দেখে একটি মহৎ ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে নবীন আইনজীবীদের পেশাগত নীতি-নৈতিকতা অনুসরণ এবং আইনজীবী পেশার উচ্চ মর্যাদা সবসময় সমুন্নত রাখার ওপর গুরুত্ব দিতে হবে।
মীর হেলাল বলেন, আইনজীবীদের জন্য সুন্দর ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। সমিতির সাধারণ সম্পাদক নবীন আইনজীবীদের চেম্বার সংকটের বিষয়টি তুলে ধরেছেন। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন।
সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
সানা/আপ্র/২৭/৯/২০২৬