পাকিস্তানের লাহোরে দুই বিদেশি নারীকে অপহরণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আত্মীয় বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গ্রেফতার হওয়া চারজন হলেন মুহাম্মদ রাজা দার, হাসান রাজা, সিকান্দার খান ও সাজিদ আলী। শুক্রবার (৩ জুলাই) তাদের লাহোরের একটি আদালতে হাজির করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার আরেক সন্দেহভাজন এখনো পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) পাকিস্তান দণ্ডবিধির অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ–সংক্রান্ত ধারায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তদন্তে জানা গেছে, ভুক্তভোগী দুই নারী ২০২৫ সালের অক্টোবরে সিঙ্গাপুরে প্রধান অভিযুক্ত মুহাম্মদ রাজা দারের সঙ্গে পরিচিত হন। পরে ক্রিপ্টোকারেন্সি-সম্পর্কিত ব্যবসায়িক যোগাযোগের সূত্র ধরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের ভিত্তিতেই রাজা দার তাদের পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং ব্যবসায়িক ভিসার ব্যবস্থাও করেন।
অভিযোগে বলা হয়েছে, লাহোরে পৌঁছানোর পর দুই নারীকে একটি স্থানে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। একই সঙ্গে তাদের কাছে মুক্তিপণও দাবি করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত মুহাম্মদ রাজা দার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আত্মীয়। এ কারণে মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের সামনে দুই ভুক্তভোগী নারী প্রধান অভিযুক্ত হিসেবে মুহাম্মদ রাজা দারকে শনাক্ত করেছেন।
পুলিশ বলছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি।
এসি/আপ্র/০৪/০৭/২০২৬