ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আকাশযুদ্ধে ইরানের শাসনব্যবস্থার পতন নিশ্চিত নয়। তবে তিনি উল্লেখ করেছেন, দুই সপ্তাহের টানা বিমান হামলার ফলে ইরান আগের মতো শক্তিশালী নয়। নেতানিয়াহু জানান, ইরানের বিপ্লবী গার্ড ও বাসিজ আধাসামরিক বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানও অব্যাহত থাকবে।
নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমকে ঘিরে হুমকি দিয়েছেন। তিনি বলেন, কোনো সন্ত্রাসী নেতার জন্য জীবন বীমা দেওয়া যাবে না এবং ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা বিস্তারিত জানানো হবে না।
নতুন সর্বোচ্চ নেতা আহত থাকতে পারেন: ট্রাম্প: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত থাকলেও গুরুতর আহত হতে পারেন। এ মাসের শুরুতে তাঁর বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর খামেনিকে দায়িত্ব দেওয়া হয়।
মোড় ঘুরে, খামেনি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এবং প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে মার্কিন ঘাঁটিসমূহ বন্ধের আহ্বান জানিয়েছেন।
তেহরানে বিস্ফোরণ, আকাশে ধোঁয়া: শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান শহরে একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমান হামলার কারণে ভবন কেঁপে উঠেছে এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা দিয়েছে।
লেবাননে ইসরায়েলের বিমান হামলা: বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হলেও, ক্ষয়ক্ষতি বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তথ্য প্রকাশ হয়নি।
উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বহু আহত: উত্তর ইসরায়েলের জারজির এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। এক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে আগুন ধরে যায় এবং আশপাশের বাড়িঘর ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ওমানে ড্রোন বিধ্বস্তে দুই প্রবাসী নিহত: ওমানে সোহার প্রদেশে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। আরো কয়েকজন আহত হয়েছেন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ড্রোনটি আল-আওয়াহি শিল্প এলাকায় বিধ্বস্ত হয়েছে।
পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন: ট্রাম্প: ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ইরানকে তথ্য ও সামরিক সহায়তা দিচ্ছেন। তার মতে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান লক্ষ্য করে ইরানকে সহায়তা দেওয়া হয়েছে।
ইরানে আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে কঠোর আঘাত চালানো হবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পার হতে বিভিন্ন দেশের জাহাজ রক্ষা করবে এবং ইরানের বিরুদ্ধে লড়াই ভালোভাবে এগোবে।
কুদস দিবসের মিছিল: ইরানে লাখো মানুষ: ইরানের বিভিন্ন শহরে কুদস দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বর্তমান নেতা মোজতবা খামেনি ও তাঁর নিহত বাবার ছবি হাতে নিয়ে সমর্থন জানিয়েছেন।
রেভল্যুশনারি গার্ডস হুঁশিয়ারি: ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস বলেছেন, সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে গত জানুয়ারির চেয়ে ‘আরো কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।
লেবাননে ইসরায়েলি হামলায় ৬৮৭ জন নিহত: ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৬৮৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১ হাজার ৭৭৪ জন। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সৌদি আকাশে প্রতিহত ৫৬টি ড্রোন: সৌদি আরব শুক্রবার এ পর্যন্ত ৫৬টি ড্রোন প্রতিহত করেছে। একটি ড্রোন রাজধানীর কূটনৈতিক এলাকায় প্রবেশের চেষ্টা করলেও তা প্রতিহত করা হয়েছে।
হরমুজ প্রণালির মাধ্যমে তুরস্কের জাহাজ পারাপার: ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি পার হয়েছে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ। আরো ১৫টি জাহাজ একই পথে পারাপারের অপেক্ষায় রয়েছে।
দুবাইয়ে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন: দুবাইয়ের মধ্যাঞ্চলে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে। বিস্ফোরণের ধোঁয়া বুর্জ আল আরব হোটেল পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত, ৪ সেনা নিহত: ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। সেন্ট্রাল কমান্ডের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনা শত্রুপক্ষের গোলাবর্ষণে হয়নি।
সানা/আপ্র/১৩/৩/২০২৬