ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরাবাগানে দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ। শনিবার (১৭ অক্টোবর) রাতে প্রবল বৃষ্টির মধ্যে মণ্ডপে উপচে পড়া ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চোরাবাগান সর্বজনীন পূজামণ্ডপের বাইরে বৃষ্টি চলার সময় দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। একপর্যায়ে মণ্ডপের বের হওয়ার পথে প্রচণ্ড চাপ সৃষ্টি হলে পদদলনের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতাল সূত্রের বরাতে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন শিশু ও ১৩ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছু পার্থক্য রয়েছে।
কলকাতা পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার রাত প্রায় ৭টা ৪০ মিনিটে গিরিশ পার্ক থানার সারদা পার্ক এলাকার চোরাবাগান পূজামণ্ডপের বের হওয়ার ফটকে বৃষ্টির মধ্যে প্রচণ্ড ভিড়ের কারণে পদদলনের ঘটনা ঘটে। আহত সবাইকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় বহু মানুষ জ্ঞান হারান। আহতদের অনেককে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়। আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, মণ্ডপের প্রবেশপথ ও বের হওয়ার পথ দুটিই ছিল অত্যন্ত সংকীর্ণ। মণ্ডপের ওই অংশে পর্যাপ্ত আলোকসজ্জাও ছিল না। তাঁর মেয়ে ও নাতনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, তাঁরা চার বান্ধবী মণ্ডপে গিয়েছিলেন। বাইরে প্রবল বৃষ্টি হওয়ায় কয়েকজন বের হওয়ার ফটকের কাছে অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে ধাক্কা এলে সামনের দিকে থাকা লোকজন পড়ে যান। এরপর একের পর এক মানুষ তাঁদের ওপর পড়ে যান। পড়ে যাওয়া লোকজনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হওয়ায় তাঁদের উদ্ধার করাও কঠিন হয়ে পড়ে। তাঁর তিন বান্ধবীও মানুষের ভিড়ের নিচে চাপা পড়েন। পরিস্থিতি এমন ছিল যে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছিল। বহু মানুষ জ্ঞান হারান। পরে স্থানীয়রা মণ্ডপের অন্য পাশের প্যান্ডেল ভেঙে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।
দুর্ঘটনার পর আহতদের দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মুখ্যমন্ত্রী জানান, এ ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে হাসপাতাল সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে আহতের সংখ্যা ৩৫ জনের কথা বলা হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই কঠিন সময়ে আহতদের পরিবারের সদস্যদের সাহস ও শক্তি জোগাতে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।
তথ্যসূত্র: বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম
সানা/আপ্র/১৮/১০/২০২৬