যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় এবার জায়গা করে নিয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলারের বিশেষ মুদ্রা উন্মোচন করেছে মার্কিন সরকারি টাকশাল।
বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন এই মুদ্রা উন্মোচন করা হয়। মুদ্রাটির এক পাশে রয়েছে ট্রাম্পের প্রতিকৃতি। পাশাপাশি খোদাই করা হয়েছে ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ শব্দ। বিশেষ এই মুদ্রা ঘিরে ইতোমধ্যে সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সাধারণত যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে জীবিত কোনো ব্যক্তির প্রতিকৃতি সরকারি মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটির ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে প্রণীত বিশেষ আইনের নকশা-সংক্রান্ত বিধান ব্যবহার করে এবার সেই বিধিনিষেধের ব্যতিক্রম ঘটানো হয়েছে।
মার্কিন টাকশাল জানিয়েছে, নতুন ১ ডলারের মুদ্রাটি সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনের জন্য ব্যাপকভাবে বাজারে ছাড়া হচ্ছে না। তবে কেউ এটি দিয়ে কেনাকাটা করলে সেটি আইনগতভাবে বৈধ মুদ্রা হিসেবেই গণ্য হবে।
সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ
বিশেষভাবে সংগ্রাহকদের জন্য মুদ্রাটি বাজারে আনা হয়েছে। ২৫টি মুদ্রার একটি রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার। আর ১০০ মুদ্রার একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার।
মুদ্রা বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন টাকশালের সরকারি ওয়েবসাইটে মজুত শেষ হয়ে যায়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত টাকশালের নিজস্ব বিক্রয়কেন্দ্রের যন্ত্রগুলোতেও মুদ্রা কিনতে সাধারণ ক্রেতাদের ভিড় দেখা গেছে।
মার্কিন টাকশাল এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনের অংশ হিসেবে এই স্মারক মুদ্রা তৈরি করা হয়েছে। তাদের দাবি, এর ব্যতিক্রমী নকশা আধুনিক সংগ্রাহকদের কাছে মুদ্রাটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলবে।
সোনালি হলেও নেই খাঁটি সোনা
দেখতে সোনালি রঙের হলেও নতুন এই মুদ্রায় কোনো খাঁটি সোনা ব্যবহার করা হয়নি। মার্কিন টাকশালের তথ্য অনুযায়ী, মুদ্রাটিতে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা রয়েছে। বাকি অংশে রয়েছে দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেলের মিশ্রণ।
এক শতাব্দী আগে ক্যালভিন কুলিজ
জীবিত প্রেসিডেন্টের প্রতিকৃতি মুদ্রায় ব্যবহারের ঘটনা যুক্তরাষ্ট্রে একেবারে নজিরবিহীন নয়। ১৯২৬ সালে দেশটির স্বাধীনতার ১৫০তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি আধা-ডলারের স্মারক মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ব্যবহার করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গত মে মাসে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ২৫০ ডলারের একটি নতুন ব্যাংক নোট প্রকাশের পরিকল্পনাও রয়েছে। তবে সেই পরিকল্পনার বাস্তবায়ন কবে হবে, তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে ট্রাম্পের প্রথম মেয়াদে পাস হওয়া ২০২০ সালের একটি আইনের আইনি ব্যাখ্যাও সামনে এনেছে মার্কিন প্রশাসন। তাদের বক্তব্য, মুদ্রার পেছনের অংশে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সামনের অংশের ক্ষেত্রে একই ধরনের সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। নতুন ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি রাখা হয়েছে সামনের অংশে।
এর আগে গত মার্চে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির কাগজের নোটে শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে। দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর মার্কিন মুদ্রায় ব্যবহারের ঘটনাও দেশটির ইতিহাসে নতুন নজির তৈরি করবে বলে জানানো হয়েছিল।
সূত্র: বিবিসি, এপি
ডিসি/আপ্র/০৩/০৯/২০২৬