মুসলিম দেশগুলোর নেতাদের নিজেদের ‘প্রকৃত শত্রু’ শনাক্ত করে তাদের পরিকল্পনা বুঝে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
রোববার (৩০ আগস্ট) ‘ইসলামি ঐক্য সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মুসলিম দেশগুলোর শাসকদের নিজেদের আসল শত্রু শনাক্ত করতে হবে, তাদের পরিকল্পনা বুঝতে হবে এবং তা প্রতিহত করতে হবে।
খামেনি বলেন, মিথ্যার ওপর সত্য এবং অবিশ্বাসের বিরুদ্ধে ইসলামের বিজয়ের সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে বাইরের কোনো শক্তির পক্ষে তাদের ভূমি ও সম্পদের ওপর প্রভাব বিস্তার করা কঠিন হবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে মুসলিম দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর করার আগ্রহের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিশেষ করে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তেহরান।
মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আরাঘচি বলেন, মিসর সিদ্ধান্ত নিলে ইরানও সম্পর্ক স্থাপনে প্রস্তুত। লেবাননের প্রসঙ্গে তিনি বলেন, দেশটির সরকার ও সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপনে ইরান প্রস্তুত। তবে লেবাননের পররাষ্ট্রনীতির কিছু বিষয়ে তিনি আরো যৌক্তিক অবস্থান নেওয়ার আহ্বান জানান। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
সানা/ডিসি/আপ্র/৩০/৮/২০২৬