জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন তিনি। দীর্ঘদিন মঞ্চ ও সংগীতচর্চা থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ করেছেন এই শিল্পী।
আনুশেহ জানান, তিনি টিনিটাস (Tinnitus) নামের একটি সমস্যায় ভুগছেন। এর ফলে কানের ভেতরে সব সময় তীব্র শব্দ শুনতে পান এবং উচ্চ শব্দ সহ্য করাও তার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।
এক পোস্টে তিনি লেখেন, গান থেকে দূরে থাকার এটিই প্রধান কারণ। তার ভাষ্য, কানের ভেতরের অবিরাম শব্দ ধীরে ধীরে তার শ্রবণক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে। এমনকি উচ্চ শব্দ এখন কানে ব্যথাও সৃষ্টি করে।
শিল্পী আরো জানান, চিকিৎসকের পরামর্শে একসময় তিনি হিয়ারিং এইড ব্যবহার করেছিলেন। তবে তার অভিজ্ঞতায়, এটি ব্যবহারের পর কানে যন্ত্রটির ওপর নির্ভরশীলতা বেড়ে যায় এবং টিনিটাসের উপসর্গ আরো তীব্র হয়ে ওঠে। পরে তিনি হিয়ারিং এইড ব্যবহার বন্ধ করে দেন।
শারীরিক এই সমস্যার কারণে শহরের কোলাহল এড়িয়ে এখন শান্ত পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আনুশেহ। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত সরলবাড়ি ইকো রিসোর্টে বসবাস করছেন। তার মতে, গ্রামের নিরিবিলি পরিবেশ কানের জন্য অনেক বেশি সহনীয়।
বাংলাদেশের লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে আনুশেহ আনাদিলের অবদান উল্লেখযোগ্য। ব্যান্ড বাংলা-র সঙ্গে তার গাওয়া ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’,‘সহজ মানুষ’ সহ অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।
শিল্পীর এই খোলামেলা স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং আবারো তাকে গানের মঞ্চে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এসি/আপ্র/২৭/০৭/২০২৬