গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩ পিএম, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫০ এএম ২০২৬
পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা
ছবি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মিঠুন চক্রবর্তী -ছবি আনন্দবাজার

পর্দায় একসময় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্তবেই মন্ত্রীর পদমর্যাদা পেলেন ভারতের জনপ্রিয় এই অভিনেতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন।

গতকাল বুধবার (৭ অক্টোবর) পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যপালের অনুমোদনে মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উপদেষ্টা হিসেবে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

তবে নতুন দায়িত্বে মিঠুন চক্রবর্তীর সুনির্দিষ্ট কাজের পরিধি এখনো স্পষ্ট করা হয়নি। প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পরবর্তী পর্যায়ে তাঁর দায়িত্ব ও ভূমিকা নির্ধারণ করা হতে পারে। বর্তমানে তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে।

মিঠুনকে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা অবশ্য একেবারে আকস্মিক নয়। সম্প্রতি নিউ টাউনে উত্তম কুমার চলচ্চিত্রকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মিঠুন চক্রবর্তীকে রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা করা হবে। সেই অনুষ্ঠানে মিঠুনের বাংলা চলচ্চিত্রে অবদান ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিসরের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরা হয়।

এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগে মিঠুনের পরামর্শ নেওয়া হয়েছে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষের আয়োজন এবং পর্যটনসহ কয়েকটি বিষয়ে তাঁর সঙ্গে পরামর্শ করা হয়েছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন মিঠুন।

পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবনে মিঠুন চক্রবর্তী বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন। নৃত্য, অভিনয় এবং নিজস্ব পর্দা-ব্যক্তিত্বের কারণে তিনি ভারতীয় চলচ্চিত্রে আলাদা অবস্থান তৈরি করেন। দর্শকের কাছে ‘মহাগুরু’ নামে পরিচিত এই অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মান পেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গেও যুক্ত মিঠুন। একসময় তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হয়েছিলেন তিনি। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। পরে ২০২১ সালে বিজেপিতে যোগ দেন এবং এরপর থেকে দলটির হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর বর্তমানে আলিপুরদুয়ারে একটি চলচ্চিত্রের শুটিংয়ে থাকা মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে উপদেষ্টা হিসেবে তিনি ঠিক কোন কোন বিষয়ে নীতিগত পরামর্শ দেবেন বা দপ্তরের কর্মকাণ্ডে তাঁর ভূমিকা কতটা বিস্তৃত হবে, তা এখনো সরকারি ভাবে বিস্তারিত জানানো হয়নি।

পর্দায় দুর্নীতির বিরুদ্ধে সরব এক কাল্পনিক মন্ত্রীর চরিত্রে অভিনয় করা মিঠুন চক্রবর্তীর জন্য বাস্তব জীবনের এই নতুন অধ্যায় তাই আলাদা তাৎপর্য বহন করছে। এবার অভিনয়ের পর্দা পেরিয়ে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ডে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে তাঁর যাত্রা শুরু হলো।
সানা/আপ্র/৮/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর
০৮ অক্টোবর ২০২৬

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা পাটেকর নিজেকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্...

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান
০৮ অক্টোবর ২০২৬

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান

বলিউডে অনেক অভিনেতা এসেছেন, জনপ্রিয় হয়েছেন, সময়ের সঙ্গে হারিয়েও গেছেন। কিন্তু কিছু অভিনয়শিল্পী থাকেন...

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা
০৭ অক্টোবর ২০২৬

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা

আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভ...

ফের মা হতে চলেছেন কিয়ারা
০৭ অক্টোবর ২০২৬

ফের মা হতে চলেছেন কিয়ারা

বলিউডের অন্যতম তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আবারও তাদের পরিবারে আসতে চলেছে নতুন অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই