প্রকৃতির প্রতি বরাবরই আলাদা টান রয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই প্রকৃতির কাছাকাছি ছুটে যান তিনি। কখনো পাহাড়, কখনো সবুজে ঘেরা নিরিবিলি কোনো জায়গায় সময় কাটাতে ভালোবাসেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি নানা সৃজনশীল কাজ নিয়েও ব্যস্ত থাকেন ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের কাজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি সবুজে ঘেরা জঙ্গলের পরিবেশে তার কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিগুলো দেখে অনেকেরই প্রশ্ন—জঙ্গলে কী করছেন ভাবনা?
এর উত্তর মিলেছে ছবির ক্যাপশনেই। জানা গেছে, নতুন সিনেমা ‘যাযাবর’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে জঙ্গলের পরিবেশে দৃশ্যধারণে অংশ নিতে দেখা যায় তাকে।
ভাবনার ফেসবুক পেজ থেকে ছবিগুলো প্রকাশ করে লেখা হয়েছে, ‘ভাবনা আপুর শুটিং চলছে সিনেমা ‘যাযাবর’-এর। জঙ্গলে জঙ্গলে আপু পরিশ্রম করে যাচ্ছে দিন-রাত।’
সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘যাযাবর’। থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানবীর হাসান।
নির্মাতা তানবীর হাসান বলেন, ‘রোমাঞ্চ ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা দেখতে পারবেন দর্শক। গল্পের প্রায় প্রতিটি দৃশ্যে সাসপেন্স থাকবে। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে আমরা বেছে নিয়েছি। আমার বিশ্বাস, দর্শক হলে গিয়ে শেষ পর্যন্ত থ্রিল উপভোগ করবেন।’
ছোট পর্দায় এর আগে একাধিকবার জুটি হয়ে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও ভাবনা। তবে ‘যাযাবর’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন তারা।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভাবনা বলেন, ‘সজল ভাই অভিজ্ঞ অভিনেতা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। সিনেমার গল্পটি দারুণ। আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’
সজল বলেন, ‘গল্পের বুননটা খুব ভালো লেগেছে। ভাবনা আমার একজন প্রিয় অভিনেত্রী। প্রথমবার তার সঙ্গে সিনেমায় জুটি বাঁধছি। আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে।’
‘যাযাবর’-এ সজল ও ভাবনা ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা ও ইকবাল।
এসি/আপ্র/০১/১০/২০২৬