বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি সাম্প্রতিক নয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী। প্রায় দুই যুগ আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া জমি দখলের ঘটনা ঘটেছিল বলে জানান তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সাক্ষাৎকারে দিলারা জামান বলেছিলেন, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। পরে সেই দেনা পরিশোধ করতে বাড়িটি ভাড়া দিলেও ভাড়ার টাকা পাননি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়িটি দখল করে নেয় বলে জানিয়েছিলেন তিনি।
তবে সাক্ষাৎকারে পুরো বিষয়টি স্পষ্ট না হওয়ায় অনেকের মধ্যে ধারণা তৈরি হয় যে, সম্প্রতি তার বাড়ি দখল করা হয়েছে।
পরে বিষয়টি পরিষ্কার করে দিলারা জামান জানান, ঘটনাটি প্রায় ২০ থেকে ২৪ বছর আগের। শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমিতে বাড়ি নির্মাণের পর সেটি দখল করা হয়েছিল। তবে জমির সব কাগজপত্র ঠিকঠাক সংরক্ষিত থাকায় আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু করেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই তিনি নিজের জমি বুঝে পান।
পরে ওই জমি বিক্রি করে ২০০৮ সালে রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন দিলারা জামান। বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি।
শ্যামলীর সেই জমিতে বর্তমানে একটি ১০ তলা অ্যাপার্টমেন্ট ভবন গড়ে উঠেছে বলেও জানান এই অভিনেত্রী।
দিলারা জামান বলেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং নিজের বর্তমান জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। ফলে বাড়ি দখলের ঘটনাটি সাম্প্রতিক বলে যে আলোচনা তৈরি হয়েছে, সেটি সঠিক নয়।
এসি/আপ্র/০৫/০৯/২০২৬