কনসার্ট, নাটক, সিনেমা, লোকসংগীত ও নৌকাবাইচের মতো শান্তিপূর্ণ সাংস্কৃতিক আয়োজনে বেআইনি বাধা, হুমকি ও হামলা প্রতিরোধ এবং নাগরিকের সাংস্কৃতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তিন সচিব ও পুলিশ মহাপরিদর্শককে আইনি নোটিস দিয়েছেন এক আইনজীবী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ নোটিস পাঠান। স্বরাষ্ট্র সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে নোটিসের প্রাপক করা হয়েছে।
নোটিসে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নোটিসদাতাকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাই কোর্টে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী অভি।
‘বেসরকারি ভিটো’ চলতে পারে না
আইনজীবী অভি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা ঘটছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত আগস্টে স্থানীয় একটি গোষ্ঠীর কারণে কিশোরগঞ্জে একটি কনসার্ট হতে দেওয়া হয়নি। জুলাইয়ের দিকে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনীতেও বাধা দেওয়া হয়। এ ছাড়া সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি ওঠে এবং অনুপম রায়ের কনসার্টও হতে দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিভিন্ন ধরনের ‘তৌহিদী জনতা’ বা উগ্র জনগোষ্ঠীর এমন বাধার কারণে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বাধাগ্রস্ত হচ্ছে। বেআইনি বাধা, হুমকি, হামলা ও ভাঙচুর প্রতিরোধের পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, আয়োজক, শিল্পী ও দর্শকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই নোটিসটি পাঠানো হয়েছে।
নোটিসে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান পছন্দ না করার অধিকার থাকতে পারে। তবে সেই আপত্তি কোনো নাগরিকের আইনসম্মত সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বেসরকারি ‘ভিটো’ হিসেবে কাজ করতে পারে না।
হুমকি থাকলে নিরাপত্তা, বাতিল নয়
নোটিসে বলা হয়েছে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরুদ্ধে হুমকি থাকলে সেটি বাতিল করার পরিবর্তে প্রথমে পর্যাপ্ত নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে।
কোনো নির্দিষ্ট অনুষ্ঠানে সুনির্দিষ্ট নিরাপত্তাঝুঁকি থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে সে ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের আইনগত ক্ষমতা, সিদ্ধান্তের যৌক্তিকতা ও বৈষম্যহীনতা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া সাংস্কৃতিক অধিকার, নিরাপত্তা ও জনশৃঙ্খলার মধ্যে ভারসাম্য রক্ষায় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য একটি সমন্বিত মানসম্মত কার্যপদ্ধতি বা নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়েছে নোটিসে।
সানা/আপ্র/৪/৯/২০২৬