নিজের মনের কথা রাখঢাক না করে বলতে বরাবরই স্বচ্ছন্দ অভিনেত্রী তাপসী পান্নু। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রশিল্পের নানা বৈষম্য নিয়েও বিভিন্ন সময়ে সরব হয়েছেন তিনি। এবার নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমা নিয়ে প্রচলিত দ্বিচারিতার বিরুদ্ধে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
তাপসীর অভিযোগ, পুরুষ তারকাদের অ্যাকশন সিনেমায় গল্প দুর্বল হলেও দর্শকের প্রশংসা ও হাততালির কমতি থাকে না। অথচ একই ধরনের সিনেমায় কোনো নারীকে অ্যাকশন দৃশ্যে দেখলেই শুরু হয় খুঁত ধরার প্রতিযোগিতা। নারীদের ক্ষেত্রে যেন সামান্য ভুলেরও ক্ষমা নেই।
‘বেবি’ ও ‘নাম শাবানা’র প্রায় এক দশক পর আবারও পুরোদস্তুর অ্যাকশন চরিত্রে ফিরছেন তাপসী। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘গান্ধারী’। সিনেমাটি মুক্তির আগে নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমার সংকট এবং চলচ্চিত্রশিল্পের বাস্তবতা নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন অভিনেত্রী।
তাপসীর মতে, বড় পর্দা ও ওটিটি—দুই মাধ্যমেই তিনি অ্যাকশনধর্মী কাজে অভিনয় করেছেন। তবে নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমা নির্মাণের পথে বড় বাধাগুলোর একটি হলো বাজেট। তার ভাষায়, অ্যাকশন সিনেমা নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন হলেও নারীদের কেন্দ্র করে তৈরি সিনেমায় প্রযোজকেরা তুলনামূলকভাবে কম অর্থ বিনিয়োগ করতে চান।
এর পেছনে প্রযোজকদের একটি ধারণা কাজ করে বলে মনে করেন তাপসী। তাদের ধারণা, পুরুষ তারকাদের সিনেমার তুলনায় নারীকেন্দ্রিক সিনেমার দর্শকসংখ্যা কম। এ ধরনের ধারণা বারবার যাচাই করে দেখা হয়েছে বলেই বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজকদের মধ্যে একধরনের দ্বিধা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
শুধু অর্থের বৈষম্য নয়, দর্শকের প্রত্যাশার ক্ষেত্রেও নারী ও পুরুষ তারকাদের জন্য আলাদা মানদণ্ড রয়েছে বলে মনে করেন তাপসী। তার মতে, পুরুষ তারকাদের অনেক অ্যাকশন সিনেমায় গল্প খুব শক্তিশালী না হলেও চোখধাঁধানো অ্যাকশন, তারকাখ্যাতি ও বড় আয়োজন দর্শককে আকৃষ্ট করে। এমনকি গল্পের পরিণতি আগে থেকেই অনুমান করা গেলেও সেসব সিনেমাকে অনেকে বিনোদনের জন্য উপভোগ করেন।
অন্যদিকে কোনো নারীকে অ্যাকশন চরিত্রে দেখলেই দর্শকের প্রত্যাশা যেন অনেক বেড়ে যায়। তাপসীর ভাষায়, নারীদের অ্যাকশন সিনেমায় গল্প, অভিনয় ও অ্যাকশন—সবকিছুতেই যেন একশোয় একশো পেতে হয়। সামান্য দুর্বলতা থাকলেই শুরু হয় সমালোচনা।
পুরুষ ও নারী তারকাদের সিনেমা বিচারের এই ভিন্ন মানদণ্ডই সবচেয়ে বেশি ভাবায় তাপসীকে। কারও নাম উল্লেখ না করে সাম্প্রতিক পুরুষকেন্দ্রিক অ্যাকশন সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, মাঝারি মানের গল্প, পরিচিত ছক, ঝলমলে অ্যাকশন ও বিপুল আয়োজন থাকা সত্ত্বেও এসব সিনেমা কোটি কোটি টাকা আয় করে।
অন্যদিকে নারীকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে সামান্য দুর্বলতাও যেন পুরো সিনেমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাপসীর ভাষায়, ‘এক তো তোমাকে কম টাকা দিয়েছি, তার ওপর তুমি ভুল করছ! কিন্তু ছেলেদের অ্যাকশন সিনেমা হলে যেন সাত খুন মাফ।’
এমন বাস্তবতার মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। এতে তাপসী পান্নুর পাশাপাশি অভিনয় করেছেন ইশওয়াক সিং, ছায়া কদম, মিতা বশিষ্ঠ ও স্বস্তিকা মুখোপাধ্যায়।
ডিসি/আপ্র/০৩/০৯/২০২৬