তারকা মানেই আলো-ঝলমলে জীবন। তবে সেই আলোর আড়ালে থাকা ব্যক্তিজীবনের নানা গল্প অনেকটাই অজানা থেকে যায়। সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, ক্যারিয়ার, গুঞ্জন কিংবা ভবিষ্যতের ভাবনা—তারকাদের জীবনের এমন নানা অধ্যায় নিয়ে শুরু হচ্ছে নতুন সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। প্রথম পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় বাঁধন কথা বলেছেন শোবিজের কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা জানা-অজানা বিষয় নিয়ে। আলাপচারিতায় উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, গুঞ্জনসহ জীবনের নানা অভিজ্ঞতার কথা।
আড্ডায় নিজের ব্যক্তিজীবন নিয়ে অকপট বাঁধন বলেন, তিনি পুরুষকে ভালোবাসেন। তবে পুরুষের তুলনায় নারী হেটার্সই তাঁর বেশি। একই সঙ্গে আবারও বিয়ে করার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী।
তবে মজার ছলে নিজের আক্ষেপের কথাও জানিয়েছেন বাঁধন। বিয়ের ইচ্ছা থাকলেও পাত্রই মিলছে না বলে রসিকতা করেন তিনি।
আলাপচারিতায় ব্যক্তিজীবনের বাইরেও উঠে এসেছে ছাত্র-জনতার আন্দোলন, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয়। এসব বিষয়ে নিজের দর্শন, চিন্তা ও ভাবনাও তুলে ধরেছেন অভিনেত্রী।
অনুষ্ঠানে থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র্যাপিড ফায়ার পর্ব। এর মাধ্যমে বাঁধনের আরও কিছু ব্যক্তিগত, মজার ও অকপট উত্তর দর্শকদের সামনে আসবে।
‘স্টার স্টোরিজ’-এর প্রযোজক নাবিলা মারজুক এবং স্টুডিও ইনচার্জ লিটু হাসান। অনুষ্ঠানটি দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।
ডিসি/আপ্র/০৩/০৯/২০২৬