সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে সম্প্রতি আলোচনায় এসেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর একটি পর্বে খালেদা জিয়ার পরিচিত লুকে ক্যামেরার সামনে হাজির হন তিনি। কেন এমন সাজ—এ নিয়ে কৌতূহল তৈরি হলে সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই এমন সাজ কি না—এমন প্রশ্নের জবাবে চমক বলেন, ‘আপনারা কি আমার ডিসকাভারিং বাংলাদেশ ব্লগ আগে দেখেন নাই? এর আগে আমি যখন মনিপুরী বা গারোদের নিয়ে ভিডিও করছি, তখন তাদের কস্টিউম পরেছি। আমি যখন তাঁতশিল্প নিয়ে ভিডিও করছি, তখন তাঁতের শাড়িটা পরছি। আমি যখন যে ভিডিওটা করি, তখন সেটার লুক নিই। ভাইরাল হওয়ার জন্য এটা করিনি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এটা আমার ভিডিও বানানোর প্যাটার্ন।’
পোশাক ও সাজের মাধ্যমে দেশের সংস্কৃতি তুলে ধরার বিষয়ে চমক বলেন, ‘আমি ফ্যাশন, আমাদের ট্র্যাডিশন ও কালচার নিয়ে স্টাডি করি। বাংলাদেশের পোশাক এমন একটা জিনিস, যার মাধ্যমে আমরা আমাদের আইডেন্টিটি, দেশের পরিচয় ও কালচার রিপ্রেজেন্ট করতে পারি।’
রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ
চলতি বছর বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি দেশনীতিবিদ হতে চাই। আমার জন্য রাজনীতি শব্দটা একটু আলাদা। দেশের জন্য কিছু করার একটা প্ল্যাটফর্ম দরকার। এরকম কিছু বড় প্ল্যাটফর্ম যদি পাই, সেখান থেকে আমার জন্য দেশের পলিসি মেকিং, দেশের অনেক পরিবর্তন আনার জায়গাটা পাওয়া সহজ হবে। এটাই আমার রাজনীতিতে জড়ানোর কারণ ছিল।’
বর্তমান সরকারের মূল্যায়ন প্রসঙ্গে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি এই মূল্যায়নটা কোনো আলাদা জায়গা দিয়ে করতে পারব না। কোনো জায়গায় তারা ১০ এ ১০, কোনো জায়গায় তারা ১০ এ ০। এক কথায় তো উতর দেওয়া যাবে না। এটা নিয়ে গবেষণা করতে হবে।’
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর ‘হায়দার’, ‘মহানগর’, ‘হাউস নম্বর-৯৬’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো কাজের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও সক্রিয় এই অভিনেত্রী।
এসি/আপ্র/৩১/০৮/২০২৬