সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘বিয়ে করেছেন’—এমন জীবনঘটনা যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মিষ্টি জানান, তার স্বামী একজন ব্যবসায়ী। তবে স্বামীর নাম, বিয়ের তারিখ ও স্থানসহ বিস্তারিত পরিচয় আপাতত প্রকাশ করতে চান না তিনি। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।
স্বামীর পেশা সম্পর্কে মিষ্টি বলেন, তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি গণমাধ্যম অঙ্গনের সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে তার নাম বা বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করা হবে না বলে জানান এই অভিনেত্রী।
বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং কবে বিয়ে হয়েছে, সে তথ্যও আপাতত প্রকাশ করতে চান না তিনি। তার ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে আর কোনো চমক থাকবে না।
ভবিষ্যতে স্বামীকে সবার সামনে আনবেন কি না—এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, তাকে আড়ালে রাখবেন না। উপযুক্ত সময়ে স্বামীকে সবার সামনে আনবেন। এ নিয়ে মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন তিনি।
মিষ্টি আরও জানান, তাদের বিয়ে হঠাৎ করে হয়নি। অনেক আগেই বিয়ে করেছেন তারা। তবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি। তার দাবি, বিয়ে ও প্রেম নিয়ে অনেকে নিয়মিত তাকে বিরক্ত করছিলেন। ফোন করে দেখা করতে চাওয়া, বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব কিংবা প্রেমের প্রস্তাব দেওয়ার মতো ঘটনায় তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন।
এ কারণেই বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন বলে জানান মিষ্টি। তার মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়।
এদিকে বিভিন্ন সময়ে শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের সম্পর্ক ও অনস্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা হয়েছে। এমনকি শাকিবের তৃতীয় স্ত্রী হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে মিষ্টি স্পষ্ট জানিয়েছেন, শাকিবের স্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নেই।
হানিমুন নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কোনো তথ্য দিতে চাননি মিষ্টি। তিনি জানান, আপাতত এ বিষয়ে কিছু বলা যাবে না।
নিজের বিবাহিত জীবন সম্পর্কে মিষ্টি বলেন, বিয়ে হলেও এখনো পুরোপুরি সংসারজীবন শুরু হয়নি। বর্তমানে নিজের মতো করেই আছেন। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি মিষ্টি জান্নাত পেশায় একজন দন্ত চিকিৎসক। নিজের দন্ত চিকিৎসাকেন্দ্র পরিচালনার পাশাপাশি নিয়মিত রোগী দেখেন তিনি। ব্যবসায়িক কাজেও ব্যস্ত রয়েছেন। অভিনয়ে নিয়মিত না থাকলেও বেছে বেছে নাটক ও ওয়েবভিত্তিক কনটেন্টে কাজ করছেন এই অভিনেত্রী।
এসি/আপ্র/৩১/০৮/২০২৬