লোকগানের সুর নিয়ে দীর্ঘদিনের যাত্রা সূচনা শেলীর। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে বাংলার লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরেছেন এই শিল্পী। এবার কিরগিজস্তানের বহুল আলোচিত ‘বিশ্ব যাযাবর ক্রীড়া উৎসব’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।
উৎসবের সাংস্কৃতিক আয়োজনে লোকগানের প্রতিযোগিতায় অংশ নেবেন সূচনা শেলী। তাঁর সঙ্গে থাকবে ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’। কিরগিজস্তানে আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে উৎসবটির ষষ্ঠ আসর, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এ আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়া ও সংস্কৃতির মিলন ঘটবে। মূলত যাযাবর জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারাকে উদ্যাপন করতেই এ আয়োজন করা হয়।
উৎসবের সাংস্কৃতিক পর্বে লোকগানের প্রতিযোগিতায় বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য ও মরমি দর্শন তুলে ধরবেন সূচনা শেলী ও তাঁর দল। তাঁদের পরিবেশনায় বাংলার মাটি ও মানুষের জীবন, লোকসংগীতের বৈচিত্র্য এবং লালনের মানবতাবাদী দর্শন তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক এই আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে সূচনা শেলী বলেন, বাংলাদেশের লোকসংগীত শুধু সংস্কৃতির একটি অংশ নয়; এর সঙ্গে মানুষের জীবন, দর্শন, আত্মঅনুসন্ধান ও মানবিকতার দীর্ঘ ঐতিহ্য জড়িয়ে আছে। আন্তর্জাতিক মঞ্চে সেই গান ও দর্শন বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারা তাঁর জন্য আনন্দ ও গর্বের বিষয়।
সূচনা শেলীর লক্ষ্য শুধু প্রতিযোগিতায় ভালো করা নয়, বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের লোকসংগীতের স্বকীয়তা তুলে ধরা। তাঁর পরিবেশনায় বাংলার মাটি, মানুষের জীবন, লালনের মানবতাবাদী দর্শন এবং বাংলার মরমি সংগীতের বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা থাকবে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক মঞ্চে এটাই সূচনা শেলীর প্রথম সাফল্যের অভিজ্ঞতা নয়। এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে শতাধিক দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন এই লোকশিল্পী।
সেই সাফল্যের পর এবার একই দেশের আরেকটি বড় আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের লোকসংগীত নিয়ে হাজির হচ্ছেন সূচনা শেলী। তাঁর সঙ্গে থাকছে ‘দিব্যজ্ঞানী’ ব্যান্ড। নিজেদের পরিবেশনার মধ্য দিয়ে দেশের লোকঐতিহ্য ও মরমি সংগীতের স্বতন্ত্র পরিচয় আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃত করাই তাঁদের লক্ষ্য।
ডিসি/আপ্র/২৪/০৮/২০২৬