গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বই পেয়ে খুশিতে আত্মাহারা কোমলমতিরা, অপেক্ষায় মাধ্যমিকের শিক্ষার্থীরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৫৭ এএম ২০২৬
বই পেয়ে খুশিতে আত্মাহারা কোমলমতিরা, অপেক্ষায় মাধ্যমিকের শিক্ষার্থীরা
ছবি

ছবি সংগৃহীত

নতুন বছরের প্রথমদিনে স্কুলে এসেই নতুন পাঠ্যবই হাতে পেয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। বই পেয়ে খুশিতে আত্মাহারা তারা। তবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অনেকে বই পায়নি। কেউ কেউ দুই থেকে তিনটি বই পেয়েছে। তাতে মন খারাপ তাদের।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বাড্ডা, রামপুরা, খিলগাঁও এলাকার বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়- এমন বিদ্যালয় ঘুরে এ তথ্য পাওয়া গেছে৷

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে এসেছেন। শিক্ষার্থীদের রেজাল্ট শিট দেখে বই হাতে তুলে দিচ্ছেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই দেওয়া হয়। বেলা ১১টা থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া শুরু হবে।

বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমাদের স্কুলের সব শিক্ষার্থীর জন্য শতভাগ বই এসেছে। প্রথমে আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই দিচ্ছি। পরে তৃতীয় থেকে পঞ্চমের বই দেওয়া হবে। সবাই আজকেই বই হাতে পাবে।

তিনি বলেন, বই বিতরণে এবার কোনো উৎসব করা হচ্ছে না। এজন্য আমরা শিক্ষার্থীদের রোল ধরে ডেকে ডেকে তাদের হাতে বই তুলে দিচ্ছি। পাশাপাশি বই দেওয়ার পর তাতে কাঁটা-ছেড়া বা কোনো সমস্যা আছে কি না, তা শিক্ষার্থী ও অভিভাবকদের যাচাই করে নিতে বলছি। এজন্য কিছুটা দেরি হচ্ছে।

উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গফুর হক  বলেন, আমাদের সব ক্লাসে একযোগে বেলা ১১টায় বই বিতরণ শুরু হয়েছে। সবাই নতুন বই পাচ্ছে।

উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আজিম উদ্দিন। বই পেয়ে দারুণ খুশি সে। আজিম বলে, বই পেয়েছি। বাংলা বইয়ের তিনটা ছড়া পড়েছি। বাসায় দিয়ে মলাট বাঁধবো।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক বিদ্যালয়েগুলো চাহিদামতো বই পায়নি। এজন্য সকাল থেকে এসব বিদ্যালয়ের শিক্ষকরা হিসাব কষছেন কোন শ্রেণি শিক্ষার্থীদের কয়টি করে বই দেওয়া হবে। ফলে মাধ্যমিকের শিক্ষার্থীরা এখনো হাতে বই পায়নি। নতুন বই হাতে পেতে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে।

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা কেউ ক্লাসে বসে গল্প-আড্ডায় মেতেছে, কেউ কেউ আবার বাইরে ছোট ছুটি ও খেলাধুলা করছে।

তারা জানায়, কখন বই দেবে তা শিক্ষকরা তাদের জানাননি। তবে বিকেল পর্যন্ত স্কুলেই থাকতে নির্দেশনা দিয়েছে। বই দেওয়ার সময়ে ক্লাসে ডেকে নেওয়া হবে বলেও শিক্ষকরা তাদের জানিয়েছে।

বিদ্যালয়টির শিক্ষক মিলনায়তনে গিয়ে দেখা যায়, শিক্ষকরা বই বিতরণের রেজিস্টার খাতা নিয়ে কাজ করছেন। কোন শ্রেণির কোন বিষয়ের কতটি বই এসেছে, তার হিসাব কষায় ব্যস্ত তারা।

শহীদুল হক নামে একজন সহকারী শিক্ষক বলেন, ষষ্ঠ ও নবমের কিছু বই এসেছে। সপ্তম ও অষ্টম শ্রেণি বইয়ের ঘাটতি বেশি। এখন কাউকে দুটি, আবার কাউকে তিনটি বই দিলে তো এ কম পাবে তার মন খারাপ হবে। এজন্য আমরা হিসাব করছি এক শ্রেণি কতগুলো বই আসছে, আর তা কতজনকে কয়টা করে দেওয়া যাবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণে জন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলমান। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবমের মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে ৬৬ শতাংশ বই উপজেলার পর্যায়ে পাঠানো হয়েছে।

এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক রিয়াদ চৌধুরী বলেন, বছরের প্রথমদিন শতভাগ শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দিতে পারবো, সেটা আমরা বলছি না। কিন্তু শতভাগ শিক্ষার্থী যেন বই হাতে পায়, সে চেষ্টা করছি। ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬৬ শতাংশের বেশি বই দেশের বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়েছে। বাকি ৪৪ শতাংশ বই যতদ্রুত সম্ভব প্রস্তুত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

এসি/আপ্র/০১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ
০২ সেপ্টেম্বর ২০২৬

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এব...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বু...

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সে অন...

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
০১ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার (টেস্ট) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে