দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘এখানে কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ, বাংলাদেশের সাধারণ জনগণের জন্য মজুদ থাকা চাল ও গম যথাযথভাবে সরবরাহ করতে পারব।’
দেশের সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় খাদ্য মজুদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ পরিকল্পনা নিয়েও কাজ করছি। দেশে যেকোনো পরিস্থিতি সামাল দিতে পারি, ঠিক সেভাবেই মজুদের ব্যবস্থা করা হচ্ছে।’
খাদ্যপণ্যের সিন্ডিকেট প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে। তাই আমাকে বিষয়টি দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। আসলে সত্যটা কী বা কী হচ্ছে, তা দেখার পর এ বিষয়ে মতামত দিতে পারব।’
পরিদর্শনের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসি/আপ্র/৩০/০৮/২০২৬