চাকরি বিধি লঙ্ঘনের দায়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই ঘটনায় আরো পাঁচ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে বেতন অবনমন করা হয়েছে।
মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত ২৩ জুলাই অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল কমিশন।
বিএসইসি সূত্র জানায়, বাধ্যতামূলক অবসরের শাস্তি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নির্বাহী পরিচালক রেজাউল করিম; পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার; অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ; যুগ্ম পরিচালক রাশেদুল আলম; উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান; সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।
অন্যদিকে বেতন অবনমনের শাস্তি পেয়েছেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পী।
এর আগে চলতি বছরের শুরুতে বিএসইসির পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
বাধ্যতামূলক অবসরের শাস্তি পাওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএসইসি কেন বা কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি জানেন না। তার দাবি, এমন শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি। সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।
এর আগে দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল। এ নিয়ে কর্মকর্তা এবং কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের মধ্যে অবরুদ্ধ হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল।
এসি/আপ্র/১৯/০৮/২০২৬