চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার সাত সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অন্তত ১৬টি মামলা রয়েছে।
বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের চান্দগাঁও থানা। এর আগে মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে চান্দগাঁও থানার পশ্চিম ফরিদারপাড়া বালুরমাঠ সাংবাদিক কলোনির পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. ইব্রাহিম ইদ্রিস ওরফে ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন ওরফে বাচ্ছু (৩৫) এবং মো. রাসেল (২৮)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত ২৭ ইঞ্চি লম্বা লোহার রামদা, একটি বিশেষ কায়দায় তৈরি স্টিলের পাইপ ও লোহার ফলাযুক্ত কুড়াল, একটি স্টিলের হাতলযুক্ত চাইনিজ কুড়াল এবং একটি কাঠের হাতলযুক্ত ১৬ ইঞ্চি লম্বা ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার ইব্রাহিম ইদ্রিসের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অন্তত ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে চান্দগাঁও থানায় ১৪টি এবং পাঁচলাইশ মডেল থানায় দুটি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।
অন্যদিকে, গ্রেফতার মো. রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় চান্দগাঁও থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/১৩/৮/২০২৬