মেহেরপুরের গাংনীতে মাটি খননের সময় ছয়টি মাইন সদৃশ বস্তু পাওয়া গেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমিতে মাটি কাটার সময় এসব বস্তু দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। পাশাপাশি বিষয়টি পরীক্ষা করে দেখতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাস জানান, বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জামান কালুর পরিত্যক্ত জমিতে মাটি কাটার সময় মাইন সদৃশ বস্তুগুলো দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে।
তিনি জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর পরীক্ষা করে দেখা হবে বস্তুগুলোর ভেতরে কোনো বিস্ফোরক দ্রব্য রয়েছে কি না।
পুলিশের ধারণা, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এসব বস্তু ফেলে যেতে পারে। কারণ, মাইন সদৃশ বস্তুগুলোর ওপর ১৯৬৭ সাল লেখা রয়েছে। তবে এগুলো প্রকৃতপক্ষে কী ধরনের বস্তু এবং এগুলোতে কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
এসি/আপ্র/০৮/০৮/২০২৬