গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘ডোনাল্ড ট্রাম্প’ ঢাকায় আসছেন!

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ০৮:৩৫ এএম ২০২৬
‘ডোনাল্ড ট্রাম্প’ ঢাকায় আসছেন!
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবারো দেখা দিয়েছে নানা চমক। তবে সব আলোচনাকে ছাপিয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারের গোলাপি রঙের এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ মজার ছলে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের মূল আকর্ষণ এখন এই ব্যতিক্রমী মহিষটি। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’এর সঙ্গে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে মহিষটি সংগ্রহ করা হয়। এরপর প্রায় ১০ মাস বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।

তিনি বলেন, প্রথমে কোনো নাম ছিল না। পরে ছোট ভাই মজা করে বলে, এর চুল তো একদম ডোনাল্ড ট্রাম্পের মতো। এরপর থেকেই নামটা ছড়িয়ে পড়ে।

খামার সূত্রে জানা গেছে, মহিষটির খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস। নিয়মিত গোসল ও আলাদা পরিচর্যাও করা হয়।

পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, মহিষটা খুব শান্ত স্বভাবের। সময়মতো খাবার দিতে হয় এবং অন্যগুলোর তুলনায় বেশি যত্ন নিতে হয়।

খামারের আরেক কর্মচারী জুবায়ের জানান, খামারে আরো মজার নামের পশু রয়েছে যেমন তুফান, রহমান ডাকাত ও মাস্তান। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভাইরাল হওয়ার পর প্রতিদিন শত শত মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ফেসবুকে দেখে বিশ্বাস হয়নি। সামনে এসে দেখি সত্যিই চুলটা ট্রাম্পের মতো।

দর্শনার্থীদের অনেকে আবার পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে খামারে আসছেন। ঈদকে ঘিরে পশু দেখার ঐতিহ্যের সঙ্গে এবার যোগ হয়েছে ভাইরাল এই মহিষটিকে এক নজর দেখার আগ্রহ।

খামার কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদ উপলক্ষে তাদের খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছিল। তবে সব পশুর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামারের মালিক জানান, মহিষটি ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মোট প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে এটি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এটি বিরল কোনো বিদেশি জাত নয়। এটি দেশি এলবিনো প্রকৃতির মহিষ। শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এ ধরনের ভিন্ন রং দেখা যায়।

সংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা এখন খামার ব্যবসায় নতুন মাত্রা যোগ করেছে। একটি ব্যতিক্রমী নাম ও ভাইরাল ভিডিও মুহূর্তেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে।

এসি/আপ্র/১৩/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ

চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মোহাম্মদ...

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ

একেএম ফজলুল হক: চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দ করা ইনজেকশন ভুল করে নবজাতকের শ...

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া
০৭ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা ব...

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ৭০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে