বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকালে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে থানার উপপরিদর্শক আবুল হোসেন ও উপপরিদর্শক শচীন নাথ নিজ নিজ এলাকায় অভিযান চালান।
গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আবুল হোসেন কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেন। অন্যদিকে, উপপরিদর্শক শচীন নাথ লোহানীপাড়া ইউনিয়নের মাদাই খামার এলাকায় অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেফতার করেন। দুই অভিযানে মোট ছয়জন গ্রেফতার হন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, “আমার থানা এলাকায় কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই। তারা যতই প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রেফতার ব্যক্তিদের ছাড়িয়ে আনতে কেউ তদবির করতে এলে তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে বদরগঞ্জ থানা পুলিশের শূন্য সহনশীলতার নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সানা/আপ্র/২৬/১০/২০২৬