খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সব নাগরিককে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ আহ্বান জানান।
পথসভায় প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই।”
এর আগে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসযোগে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জে যাত্রাবিরতি করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারাগঞ্জের পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু এবং সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জের পথসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর মহানগরীর ঐতিহাসিক রাধাগোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শনে যান। সেখানে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রংপুর মহানগরী ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
সানা/আপ্র/২১/১০/২০২৬