চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগে লুকানো অবস্থায় প্রায় ৫৬৬ গ্রাম বা সাড়ে ৪৮ ভরি সোনা উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ও রাজস্ব মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
উদ্ধার করা সোনার মধ্যে রয়েছে চারটি সোনার বার ও এক জোড়া সোনার চুড়ি। আটক কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর অ১৩২৪৮৪৬১।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সোনার চালানটির সঠিক পরিমাপ শেষে তা আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা করা হয়েছে।
গৃহস্থালির সামগ্রীর ভেতরে সোনা: চট্টগ্রাম বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইবরাহিম খলিল জানান, রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীকে কাস্টমস হলে স্ক্যানিং করার সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নজরে আসে।
পরে ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস গোয়েন্দাদের যৌথ তদারকিতে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়।
তল্লাশির সময় ব্যাগে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার বার পাওয়া যায়। এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের সোনার চুড়িও উদ্ধার করা হয়।
সানা/আপ্র/১৯/১০/২০২৬