মো. নুর জামাল হক, রংপুর ব্যুরো প্রধান: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রংপুরে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়কের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা ও ব্যাটালিয়ন সদর এলাকার ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
শনিবার (১৭ অক্টোবর) ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ এলাকার রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান, পদাতিক। এ সময় তিনি মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর ব্যাটালিয়ন থেকে মোট ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে ১৪টি সীমান্ত চৌকি (বিওপি)। অন্যদিকে, ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
পূজামণ্ডপ ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিবিড় গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। ঝুঁকি শনাক্ত করা এবং দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, দর্শনার্থী ও পূজারিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং উৎসবের আনন্দমুখর পরিবেশ বজায় রাখতে বাহিনীটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অসাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অক্ষুণ্ন রাখতেও বিজিবি সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ।
সানা/আপ্র/১৮/১০/২০২৬